২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াকুব হত্যাকান্ডের ঘটনায় এক জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে

ইসলামী ঐক্যজোট নেতা ইকবাল বিন ইয়াকুবের হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ ব্যবসায়িক দ্বন্দ্বেকেই গুরুত্ব দিচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত ইকবালের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য পুলিশ শাহ আমানত ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও জামায়াত নেতা এমএম আবদুর রহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ইকবাল এই ক্লিনিকের একজন পরিচালক ছিলেন। বেশ কিছূদিন ধরে এই ক্লিনিকের অন্যান্য পরিচালকের সাথে ইকবালের দ্বন্দ্ব চলছিল।

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার রুহুল আমীন বিডিনিউজকে বলেন, ইকবালের একজন ব্যবসায়িক পার্টনারকে জিজ্ঞাসাবাদে হত্যার মোটিভ সম্পর্কে পুলিশ বেশ কিছু ধারণা পাওয়া গেছে।

শিগগিরই এই ব্যাপারে পুরোপুরি ধারণা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত নেতা ও শাহ আমানত ক্লিনিকের এমডিকে আটক ও জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে রুহুল আমীন আরো জানান ইকবালের কর্মকান্ড সম্পর্কে খোজ খবর নেয়ার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইকবালের পরিবারের সদস্যসহ আরো কয়েকজনকেও অনুরূপ ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ইকবাল খুন হয়ে থাকতে পারেন এই ধারণা জোরালো হওযার পাশাপাশি অন্যান্য সম্ভাব্য কারণগুলো ও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক বিরোধ ও জঙ্গী কানেকশানের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

জামায়াত নেতা ও শাহ আমানত ক্লিনিকের এমডি আবদুর রহিমকে গত রাতে তার মেহেদীবাগস্থ বাসা থেকে পুলিশ আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসে। সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শামসুল ইসলামসহ কয়েকজন জামায়াত নেতা এই ক্লিনিকের সাথে জড়িত।

গত শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর ইসলামী ঐক্য জোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও গত ৯মে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল বিন এয়াকুবকে অপহরণ করে হত্যা করা হয়। রোববার সকালে কোতয়ালী থানাধীন গনি বেকারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।