১৪ অক্টোবর গার্মেন্টস লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ব্যবসায়ী নেতারা
গত ১৪ অক্টোবর জিরাব-বিশমাইল হাইওয়ের ২০ টি গার্মেন্টস স্থাপনায় লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
শীর্ষস্থানীয় ১৪ টি ব্যবসায়ী সংগঠনের স্বাক্ষর সম্বলিত এক প্রেস রিলিজের মাধ্যমে সোমবার সরকারের প্রতি এ ব্যাপারে আবেদন জানানো হয়। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এ প্রেস রিলিজ ইস্যু করেছে।
ঢাকা-আশুলিয়া সড়কে ওইদিন বাস দুর্ঘটনার শিকার সাতজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে ব্যবসায়ী নেতারা গভীর শোক প্রকাশ করেন। প্রেস রিলিজে তারা বলেন, একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী চক্র ষড়যন্ত্রমূলক ভাবে গার্মেন্টস লুটের এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার উল্লেখ করে বলা হয়, ওইদিন জিরাব-বিশমাইল সড়কে দুর্ঘটনা স্থল থেকে প্রায় চার কি.মি. দূরে গার্মেন্টস লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছুটে গিয়ে ২০ টি গার্মেন্টস স্থাপনায় অবৈধ শ্রমিকরা লুটপাট চালায়। এতে কমপক্ষে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রেস রিলিজে বলা হয়েছে।
কোরিয়া ভিত্তিক একটি সোয়েটার কারখানা, চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিকার্স বাংলাদেশ লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা লুটপাট চালায়।
ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, এতে বিশ্বের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
