বাগেরহাটে নৈশকোচে ডাকাতি করে পালাতে গিয়ে ২ ডাকাতসহ আটক ৪, নগদ টাকা ও মালামাল উদ্ধার
বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কের মোল্লাহাটে সোমবার ভোরে মংলাগামী সুন্দরবন পরিবহনের একটি নৈশকোচে ডাকাতি হয়েছে।
যাত্রীবেশী একদল ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ দুই লক্ষাধিক টাকা ও মালামাল লুটে নেয়।
পরে প্রায় ১৫ কি.মি. ধাওয়া করে গ্রামবাসী ও নৈশ প্রহরীরা খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাট অংশে ফকিরহাট উপজেলার ভট্টে নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের চালক, হেল্পার ও আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে লুন্ঠিত প্রায় ১৫ হাজার টাকা ও মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, ধৃতরা আন্তঃজেলা সড়ক ডাকাত দলের সদস্য। গাড়ির চালক ও হেল্পারের সহযোগিতায় তারা এই ডাকাতি করছিলো। ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
ধৃতরা হচ্ছে, বাসের (ঢাকা মেট্রো জ-০৪-০৩-৮৪৩) চালক শাহীন মোল্লা (৩২), হেল্পার তারিকুল ইসলাম (২১) এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মনু মিঞা (৪০) ও লুৎফর রহমান মোল্লা (৪০)। মনু মিঞা যশোর জেলার দূর্গাপুর গ্রামের ফজর আলীর এবং লুৎফর একই জেলা সদরের মনির উদ্দিনের পুত্র। এদের কাছ থেকে ডাকাতি করা ১৪ হাজার ৫৩৭ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকার সায়েদাবাদ থেকে সন্ধ্যায় ছেড়ে এসে বাসটি সোমবার ভোরে গোপালগঞ্জ জেলা পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটে প্রবেশ করার পর বাসের ভেতরে থাকা যাত্রীবেশী ১০/১২ জন ডাকাত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতি শেষে তারা ফকিরহাট উপজেলার ফলতিতা বেইলী ব্রীজের নিকট যাত্রীদের নামিয়ে দিয়ে বাসযোগে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ও নৈশ প্রহরীরা এগিয়ে এসে বাসটি ধাওয়া করে এবং বিভিন্ন স্থানের নৈশ প্রহরীদের খবর দেয়। শেষ পর্যন্ত বাসটি আটক করা হয়।
