দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে এ মুহূর্তে তিনটি অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এগুলো হলো গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ এবং মংলা বন্দর পুনরুজ্জীবিতি করা।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান সম্প্রতি খুলনা সফরে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে এ এলাকায় বিনিয়োগের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সরকার এ তিনটি অবকাঠামো উন্নয়নে এখন আন্তরিক।
চেয়ারম্যান জানান,্ বেসরকারি উদ্যোক্তরা এগিয়ে না আসায় দেশের পূর্বাঞ্চলে যেভাবে শিল্প কলকারখানা গড়ে উঠেছে এ অঞ্চলে সেভাবে তা বিকশিত হয়নি। বড় ধরনের শিল্প কারখানা গড়ে না উঠার কারণে এতদিন এ এলাকায় গ্যাস সরবরাহ করতে সরকার অনাগ্রহী ছিল। ভারতের টাটা গ্রুপ পাবনায় তাদেরও শিল্প ইউনিট স্থাপনে আগ্রহ প্রকাশ করায় এখন গ্যাস সরবরাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, মনোহরদী থেকে পাইপ লাইনের মাধ্যমে খুলনা পর্যন্ত গ্যাস সরবরাহের সকল প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের গ্যাস সরবরাহের জন্য দরপত্র আহবান করা হবে। এর পরপরই শুরু হবে পাইপ লাইন নির্মাণ কাজ।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, তিনটি প্রকল্পের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প তিনটির মধ্যে প্রথম প্রকল্প হলো মনোহরদী-ধনুয়া-এলেঙ্গা-যমুনা সেতু পর্যন্ত ১০৩ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন নির্মাণ। এতে ব্যয় ধরা হয়েছে চারশ’ ৬৬ দশমিক ৭২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্প হলো যমুনা সেতু-নলকা-বনপাড়া-ঈশ্বরদী-ভেড়ামারা পর্যন্ত ১৪০ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ। এতে ব্যয় হবে চারশ’ ১৬ দশমিক ০৮ কোটি টাকা। তৃতীয় প্রকল্প হলো ভেড়ামারা-কুষ্টিয়া-যশোর-খুলনা পর্যন্ত ১১৫ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ। এতে ব্যয় নির্ধারিত হয়েছে চারশ’ ৫০ কোটি টাকা।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান যোগাযোগ মন্ত্রনালয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়াও শুরু হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এ সেতুর নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তবে পদ্মা সেতু নির্মাণের আগেই এ অঞ্চলে শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মংলা বন্দর নিয়ে। বন্দরটি এখন কঠিন সমস্যার মধ্যে নিমজ্জিত।
তিনি বলেন, মংলা বন্দরে কর্মরত শ্রমিকদের মধ্যে শৃংখলা ফিরিয়ে আনা, পশুর চ্যানেলে স্থায়ী ড্রেজিং এবং দেশের উত্তরবঙ্গ ও ঢাকার সাথে মংলা বন্দরের রেল যোগাযোগ জরুরি। বিশেষ করে পশুর চ্যানেলে নাব্যতা এবং শ্রমিকদেরও বিশৃংখলা মোকাবেলা করার একটি কঠিন চ্যালেঞ্জ।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিনিয়োগে এসব সমস্যার পাশাপাশি এ এলাকায় সম্ভাবনাময় বিনিয়োগের কিছু খাত তুলে ধরেন।
তিনি বলেন, এখানে ভ্যালুঅ্যাডেট চিংড়ি শিল্প, সুন্দরবনের মধু উৎপাদন এবং মশলা ফ্যাক্টরি সহজে গড়ে তোলা সম্ভব। ভারত, মায়নমারসহ পশ্চিমা দেশগুলোতে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
