চট্টগ্রামের জনতা ব্যাংকের ভোল্ট ভেঙ্গে টাকা নিয়ে পালিয়েছে নৈশ প্রহরী
চট্টগ্রামের জনতা ব্যাংক বালুছড়া শাখার ভোল্ট ভেঙ্গে ছয় লাখ ৫২ হাজার নয়শ’ ২৩ টাকা নিয়ে পালিয়েছে ব্যাংকের একজন নৈশ প্রহরী।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, সোমবার সকাল নয়টায় কর্মকর্তা কর্মচারিরা ব্যাংকে আসলে ভোল্ট খোলা এবং খালি দেখতে পায়।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বিডিনিউজকে জানান, তালা কেটে ভোল্ট খোলা হয়েছে এবং ভোল্টে থাকা ছয় লাখ ৫২ হাজার নয়শ’ ২৩ টাকার পুরোটাই খোয়া গেছে।
ব্যাংকের নৈশ প্রহরী মোহাম্মদ ইব্রাহিম এ ঘটনার নেতৃত্ব দিতে পারে বলে ধারণা করছেন তারা।
বায়েজীদ থানা পুলিশ জানায়, এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে নৈশ প্রহরী ইব্রাহিম পলাতক রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
