আগামী নির্বাচনে জেতার লক্ষ্যে দৃঢ় ঐক্যের আহ্বানে তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান আগামী নির্বাচনে জেতার জন্যে রোববার দলীয় কোন্দল দূরে ঠেলে দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পুনরায় ক্ষমতায় আসতে হলে আমাদেরকে এ ধরণের ঐক্য গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন বিএনপি আয়োজিত ‘নির্বাচনপূর্ব আলোচনা ও ইফতার’ শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তৃতাকালে দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আগামী নির্বাচনে জেতার জন্যে ইস্পাত কঠিন ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ‘আসুন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। আগামী নির্বাচনে আমরা জিতবোই, ইনশাল্লাহ’।
তিনি আরও বলেন, বিএনপি সরকার অনেক ওয়াদা পূরণ করতে ব্যর্থ হলেও হতাশ হওয়ার কিছু নেই। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে অবশিষ্ট ওয়াদাও পূরণ করা হবে বলে তিনি দেশবাসীকে আশস্ত করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, কেএম ওবায়দুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য তানভির আহমেদ সিদ্দিকী বক্তৃতা করেন।
সম্মেলনের শেষ দিন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের থানা, পৌরসভা ও জেলা পর্যায়ের প্রায় ১,৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিল বলে দলীয় সূত্র জানায়।
