২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন আসাদুজ্জামান নূর

বন্যা ও মঙ্গাপীড়িত এবং ডায়রিয়া উপদ্রুত নীলফামারীকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রত্যেক ইউনিয়নে মেডিকেল ক্যাম্প স্থাপন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সাম্প্রতিক বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের দাবি জানান।

নীলফামারীতে রোববার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আশ্বিন-কার্তিকের মঙ্গার সময় এমনিতেই এ অঞ্চলের কর্মহীন মানুষের মধ্যে চরম খাদ্যাভাব দেখা দেয়। তার ওপর এবারের বন্যা মানুষের অভাবনীয় দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীকে নীলফামারীতে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় তিনি সরকারের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছেন।

তিনি অভিযোগ করেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় স্বাস্থ্য বিভাগ ডায়রিয়ায় মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা গোপন করছে।

আসাদুজ্জামান নূরের বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নীলফামারী পৌরসভা চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।