২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নিমজ্জিত বাস থেকে লাশ সরিয়ে ফেলার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের আগে বাসের মধ্যে থাকা লাশ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তারা বলছেন, আসন সংখ্যা ৩৮ হলেও দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পর মাত্র সাতজন যাত্রী প্রাণে বেঁচে যায়। কিন্তু শনিবার রাতে বাসটি উদ্ধারের সময় এর ভেতরে কেবল একজন মহিলা ও একটি শিশুর লাশ পাওয়া যায়। তাদের প্রশ্ন, তাহলে বাকি লাশ গেলো কোথায়?

তারা বলেন, দুর্ঘটনার ভয়াবহতা চাপা দিতে উদ্ধারের আগে ডুবুরি ও দমকল বাহিনীর সদস্যরা বাসের মধ্যে থাকা অনেক লাশ নদীর স্রোতের সাথে ছেড়ে দিয়েছে।

এদিকে সরেজমিনে দুর্ঘটনাস্থল গাঙ্গনী নদীর ভাটিতে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনও ভাসমান লাশের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বিকেলে বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি মিনিবাস বগুড়া-জয়পুরহাট মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাঙ্গনী নদীতে পড়ে যায়। ডুবুরি ও দমকল বাহিনীর সদস্যরা নিমজ্জিত বাস থেকে নারী ও শিশুসহ মোট ২১টি লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে দুর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক তসলিম উদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু পরবর্তীতে সেখান থেকে সে পালিয়ে যায় বলে তারা জানান।