পটুয়াখালীতে দেবোত্তর সম্পত্তি বেদখল, পুরোহিতসহ ৩ জনকে পিটিয়ে জখম
পটুয়াখালীতে সরকার দলীয় পৌরকমিশনারের নেতৃত্বে দেবোত্তর সম্পত্তি বেদখল এবং পুরোহিতসহ তিনজনকে পিটিয়ে জখম করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চাপা আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
হিন্দু সম্প্রদায়ের নেতারা শনিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এসে জানান, ওই দিন বিকাল পাঁচটার দিকে পৌরকমিশনার সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল পুরাতন বাজার কালীবাড়ির পুকুর দখল করতে এলে পুরোহিত দিলিপ চক্রবর্তী (৪০) তাদের বাধা দেন। দখলদাররা এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে এসে অশোক চক্রবর্তী (৩৬) ও সুমন চক্রবর্তী (২২) হামলার শিকার হয়। পরে দখলকারীরা ওই স্থানে একটি ঘর তোলে। পরে রাতেই ওই ঘরটি দখলদাররা ভেঙে ফেলে।
এ ব্যাপারে স্থানীয় পুলিশের কাছ থেকে সহায়তা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
