নীলফামারীতে ডায়রিয়া পরিস্থিতির চরম অবনতি, দু’দিনে নতুন করে আক্রান্ত ৩ হাজার
নীলফামারী জেলায় ডায়রিয়া পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত দু’দিনে সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলায় নতুন করে আরও অন্তত তিন হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর কথা রোববার সরকারিভাবে স্বীকার করা হলেও স্থানীয় সূত্রে এ পর্যন্ত এ জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে রোববার দুপুর পর্যন্ত নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৭০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। ১০ শয্যার এই ডায়রিয়া ওয়ার্ডের মেঝে ও বারান্দায় স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মূল ভবনের প্রবেশপথ, করিডোর ও বারান্দায় গাদাগাদি করে রোগীদের রাখা হয়েছে।
