ফকির লালন সাঁইয়ের ১১৫ মৃত্যুবার্ষিকী রোববার
বাউল সাধক ও কবি ফকির লালন সাঁইয়ের ১১৫ তম মৃত্যুবার্ষিকী রোববার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় নিজ আখড়ায় তিনি ১৮৯০ সালে দেহ রেখেছিলেন।
এরপর থেকে প্রতি বাংলা বছরের ১ কার্তিক ছেউড়িয়ার লালন মাজারে পালিত হয় লালন স্মরেণাৎসব।
দিবসটি উপলক্ষে লালন অনুসারিদের পাশাপাশি কয়েক বছর ধরে সরকারি উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তবে রমজানের কারণে এ বছর তিনদিনব্যাপী সরকারি আয়োজন কমিয়ে একদিন করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বাইরের উন্মুক্ত চত্বরের অনুষ্ঠানমালা।
রমজান ও সরকারি উদ্যোগ সংক্ষিপ্ত করা হলেও লালন স্মরণোৎসবকে সামনে রেখে শনিবার থেকে সারা দেশ থেকে বাউল ফকিররা ছেউড়িয়ায় আসতে শুরু করেছে। সিরাজগঞ্জ থেকে আসা বাউল লাল শাহ জানান, গান বাজনা কিছুটা শিথিল করে অনুষ্ঠান তিনদিন চালানো উচিত ছিল।
আয়োজকরা মনে করছেন, উৎসব একদিন হলেও লালন ভক্ত ও বাউলদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে লালন আখড়া চত্বর।
