২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে ২ চরমপন্থি নেতা নিহত

র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে শনিবার পাবনা ও ঝিনাইদহে দুই চরমপন্থী নেতা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিডিনউজ ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের এক শীর্ষ নেতা নিহত হয়েছে।

নিহত নেতার নাম বাকা (৪০) ওরফে বিপ্লব ওরফে বিজয়। সে একই উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামের নূর ইসলামের পুত্র।

পুলিশ সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাশলিয়া গ্রাম থেকে শুক্রবার বিকালে বাকাকে পুলিশ গ্রেপ্তার করে। সে পুলিশের কাছে তার সহেযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শনিবার ভোর পৌনে চারটায় ঠাকুর মালিথিয়া গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে বাকার সহযোগিরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ সময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে বাকা ঘটনাস্থলেই ক্রসফায়ারে নিহত হয়।

দুই পক্ষের গুলি বিনিময়ের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি শাটারগান, দুইটি দেশি বন্দুক এবং বেশ কিছু পরিমাণ গুলি উদ্ধার করে।

নিহত বাকার নামে একাধিক হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে শনিবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

নিহত চরমপন্থি নেতার নাম মুক্তার হোসেন ওরফে বাচ্চু (৩০)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোরে পাবনার বেড়া উপজেলার সিঅ্যান্ডবি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের কাছে বাচ্চু তার সহযোগী এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে পাবনার উদ্দেশে রওনা হয়। তারা রাত দুইটার দিকে সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজের কাছে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় ৯/১০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সন্ত্রাসী বাচ্চু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, চার রাউণ্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

বাচ্চুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।