ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
১৫ অক্টোবর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের একটি ভবন ধসে নিহত ৩৯ জন শিক্ষার্থী-কর্মচারির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠন।
৮৫’র সেই ঝড়ের রাতে জগন্নাথ হলের টিভি রুমে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। জীর্ণ ভবনটির ছাদ ধসে সেদিন ওই হলে ছাত্র-কর্মচারি-অতিথি মিলে আহত হয় আরো ৩০০ জন।
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে।
উপাচার্য এসএমএ ফায়েজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এম আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক এবং অন্যান্য হলের প্রভোস্টরা হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ছয়টায় সকল হল ও বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকলে কালো ব্যাজ ধারন করে।
এছাড়া বিশেষ প্রার্থনা এবং সকাল এগারটায় জগন্নাথ হলে রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়।
নিহতদের তৈলচিত্র এবং তাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণের প্রদর্শনীও শুরু হয়েছে।
২৪ নভেম্বর জগন্নাথ হলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া এ বছরই হল কর্তৃপক্ষ আন্তঃহল ‘অক্টোবর স্মৃতি প্রতিযোগিতা’র আয়োজন করবে।
