সরকারের ৪ বছর: ১,৪৫০ কর্মকর্তার পদোন্নতি, জ্যেষ্ঠ ২০০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫২৫ কর্মকর্তা ওএসডি
জোট সরকারের চার বছরে দলীয় বিবেচনায় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে ১ হাজার ৪শ’ ৫০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
একই সময়ে দু’শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং বিভিন্ন পর্যায়ের ৫২৫ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট সরকার প্রশাসনকে ঢেলে সাজাতে শুরু করেছে। এর অংশ হিসেবে দলীয় বিবেচনায় সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ সচিব ও সিনিয়র সহকারী সচিব পদের প্রায় ৮০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র জানায়, ২০০৭ সালে জাতীয় নির্বাচনের সময় প্রশাসনে মুক্তিযোদ্ধা ব্যাচ হিসেবে পরিচিত ১৯৭৩ সালের ব্যাচের কোনও কর্মকর্তাই চাকরিতে থাকছেন না।
ওই নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিসিএস’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ক্যাডারের ’৭৭ ও ’৮১ সালের ব্যাচ, ওই সময় নিয়োগ প্রক্রিয়াধীন ’৮২ সালের বিশেষ ব্যাচ এবং এরশাদ শাসনামলের ’৮৪, ’৮৫ ও ’৮৬ ব্যাচের কর্মকর্তারা।
এরশাদ সরকার আমলে নিয়োগপ্রাপ্ত ওই সব কর্মকর্তা বর্তমানে জোট সরকারের সমর্থক বলে প্রশাসনে পরিচিতি লাভ করেছেন। জোট সরকারও নির্বাচনকালে প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট ব্যাচের ওই কর্মকর্তাদের দলীয় বিবেচনায় পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে। ইতোমধ্যেই ওইসব ব্যাচের রেকর্ড সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিভিন্ন দায়িত্বশীল পদে বসানো হয়েছে।
২০০১ সালের ১০ অক্টোবর জোট সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত প্রশাসনের প্রায় দু’শতাধিক জ্যেষ্ঠ ও দক্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ অভিযোগ সচিবালয়ের একাধিক সূত্রের।
সূত্র জানায়, ’৭৩ সালের ব্যাচের অধিকাংশ কর্মকর্তা এবং এরপর ১৯৮৬ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া বিভিন্ন ব্যাচের প্রায় দু’
হাজার কর্মকর্তাকে দলীয় বিবেচনায় না এনে পদোন্নতি বঞ্চিত করা হয়। এ কারণে নানা অজুহাতে বিভিন্ন সময় পদোন্নতি নীতিমালাও পরিবর্তন করা হয়।
পদোন্নতির মূল নীতিমালা অনুযায়ী, উপ সচিব পদে পদোন্নতির জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১০ বছর প্রশাসনে সন্তোষজনক চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। যুগ্ম সচিব পদে পদোন্নতিতে উপসচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা ও এসিআর সন্তোষজনক থাকতে হয়। অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির ক্ষেত্রে যুগ্মসচিব হিসেবে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা দরকার।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জোট সরকার ২০০১ সালে ক্ষমতা গ্রহণের পরই উপ সচিব পদে ২৫০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এরপর ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ৪৯৩ এবং ২০০৫ সালের জুন মাসে ৩২৩ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পান।
এ সময় পদ না থাকা এবং দলীয় হিসেবে বিবেচিত হওয়ার কারণে পদোন্নতি বঞ্চিত পাঁচ শতাধিক কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করে রাখা হয়।
সূত্র জানায়, নীতিমালা পরিবর্তন করে উপসচিব হিসেবে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা না থাকলেও দলীয় বিবেচনায় যুগ্ম-সচিব পদে তিন বছর কাজের অভিজ্ঞতা ছাড়াই অতিরিক্ত সচিব এবং অনেক ক্ষেত্রে মাত্র তিন বছরের মধ্যে উপ-সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়েছেন অনেক কর্মকর্তা।
সূত্র আরও জানায়, দলীয় বিবেচনায় ঢালাওভাবে পদোন্নতি দেওয়ায় প্রশাসনের দায়িত্বশীল পদে বর্তমানে দক্ষ ও যোগ্য কর্মকর্তার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সরকারের ৬০টি সচিব পদমর্যাদার কর্মকর্তার পদে যোগ্যতাসম্পন্ন লোকের অভাব প্রকট হয়েছে বলে জানা যায়।
