২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন স্থগিত হওয়ার কথা নাকচ করে দিলো ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন সার্ক শীর্ষ সম্মেলন আবারো স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোল্লাহ আমজাদ হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ভূমিকম্পের কারণে পাকিস্তান ও ভারতে বিপুল প্রাণহানীর পর সার্ক হচ্ছে কিনা তা নিয়ে ঢাকায় নানা কথা উঠলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র তা নাকচ করে দেয়।

অবশ্য পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান জোর দিয়ে বলেছেন, যথাসময়েই সার্ক হবে।

নাম প্রকাশ না করার শর্তে আলাপকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, “আমরা প্রস্তুত। কাজ চলছে। কিন্তু পুরো বিষয়টি নির্ভর করছে পাকিস্তানের উপর।”

সম্প্রতি ভূমিকম্পে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ সূত্র আরো জানায়, সার্ক সম্মেলন কালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী ডঃ মনোমহন সিং এর দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি সহায়তা, সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।

মনোমহন খালেদা বৈঠকে ত্রিদেশীয় পাইপ লাইনের বিষয়টি সুনির্দিষ্টভাবে আলোচনায় আসবে কিনা তা নিয়ে দ্বিধা আছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আগ্রহী হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় এটি নেই।

দিল্লীতে পাওয়া খবরে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী ডঃ মনোমোহন সিং এর নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে ইতোমধ্যে ভারতের অগ্রবতী দল ঢাকায় কাজ শুরু করেছে। গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণের পর দিল্লী ঢাকায় তার প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

এদিকে সার্ককে ঘিরে বাংলাদেশ সফরের জন্যে ভারতীয় সাংবাদিকদের পাশাপাশি দিল্লী ভিত্তিক পশ্চিমা মিডিয়ার সাংবাদিকরা ব্যাপক আগ্রহ দেখাতে শুরু করেছে। শতাধিক সাংবাদিক সার্ক কাভার করার জন্যে অনুমতি ও ভিসা চেয়ে দিল্লীর বাংলাদেশ মিশনে যোগাযোগ করেছে।

কিন্তু রেজিস্ট্রেশন এবং ভিসা প্রদানের বিষয়টি হাই কমিশন খুব সর্তকভাবে দেখছে। কেননা আশংকা করা হচ্ছে পশ্চিমা সাংবাদিকরা সার্ক কাভার করার জন্যে ঢাকা গেলেও হয়তো তাদের প্রধান আকর্ষণ থাকবে সাম্প্রতিক বোমা হামলা এবং মৌলবাদী কর্মকান্ডের উপর।