খিলক্ষেতে বিমানের ট্রলিম্যান অপহরণ
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ট্রলিম্যান অপহৃত হয়েছে।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, তিনদিন আগে একটি পরিবহন ব্যবসায়ী চক্র শাহআলম নামে বিমানের ওই ট্রলিম্যানকে অপহরণ করে।
অপহৃতর স্ত্রী নিলুফার ইয়াসমিন খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় বলেছেন, ১২ অক্টোবর তার স্বামী শাহআলম রেন্ট-এ-কারের ব্যবসার জন্য কয়েকজন বন্ধুর সঙ্গে কুমিল্লায় যান। তার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, ওইদিনই তারা ফিরে এসে দুপুরের দিকে শাহআলমকে খিলক্ষেতের প্রগতি সরণীতে নামিয়ে দেন। কিন্তু শাহআলম আর বাড়ি ফিরে আসেননি।
পুলিশ জানায়, মামলায় সন্দেহভাজন অপহরণকারী হিসেবে শাহআলমের পাঁচজন বন্ধুকে আসামী করা হয়েছে। তারা হচ্ছে, রিপন, রইস উদ্দিন, ফারুক, খালেক ও পাটোয়ারী। পুলিশ তাদের খুঁজছে।
