সাভারে বাসচাপায় চার গার্মেন্টসকর্মীর মৃত্যূ, ২টি গাড়িতে অগ্নিসংযোগ
সাভারের জিরাবোতে শুক্রবার সকালে নাসা গ্রুপের বাসের ধাক্কায় হামিম গ্রুপের চার শ্রমিক তাদের নিজেদের বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।
পুলিশ জানায়, নিহত শ্রমিকরা হচ্ছে আলী নূর (২৮), ফরিদ (৩০), আশরাফুল (২২) ও লিটন মোল্লা (২৫)। তবে দমকল বাহিনী নাম না বলতে পারলেও নিহতের সংখ্যা পাঁচজন বলে জানিয়েছে।
দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা ও বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি বাসেই আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলে।
পরে বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা আশুলিয়া সাভার সড়ক বন্ধ করে দেয়। এ সময় বেশ কিছু যানবাহন ভাংচুর হয়। পুলিশ ভাংচুরের অভিযোগে মেহেদী হাসান মিরু ও খায়রুল আলম নামে দুই শ্রমিককে গ্রেফতার করেছে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে হামিম গ্রুপের শ্রমিকবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-২৫০৭) জিরাবোর নিশ্চিন্তপুরের গার্মেন্টস কারখানার সামনে থেমে শ্রমিকদের নামাতে শুরু করে।
এ সময় নাসা গ্রুপের একটি শ্রমিকবাহী বাস (ঢাকা মেট্রো জ-০৪-০০১৮) পেছন থেকে ওই বাসটিকে ধাক্কা দিলে চারজন শ্রমিক বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায়। ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
ঘটনার সাথে সাথেই উত্তেজিত জনতা দুটি বাসেই আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা এ সময় সড়কটি অবরোধ করে। প্রায় দু থেকে তিন ঘন্টা সড়ক বন্ধ থাকে। এ সময় একটি মিনিবাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। দমকল বাহিনীরকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
সাভার থানা পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ দুই শ্রমিককে গ্রেফতার করেছে।
