ধর্মীয় গোড়ামীর কারণে ফতোয়া বন্ধ হচ্ছে না, প্রয়োজন জনসচেতনতা
সুপ্রিম কোর্ট সব ধরণের ফতোয়া নিষিদ্ধ করলেও ফতোয়াবাজীর ঘটনা ঘটেই চলছে। নারীরাই প্রধানত এসব ফতোয়ার শিকার হচ্ছেন।
গত চার বছরে সারাদেশে ফতোয়ার শিকার হন ১২৪ জন নারী।
মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান মতে, ২০০১ সালে ফতোয়ার শিকার হন ৩২ জন নারী। ২০০২ সালেও একই সংখ্যক নারী ফতোবাজীর শিকার হন। ২০০৩ সালের ৩৬ জন, আর ২০০৪ সালে ২৬ জন নারী ফতোয়ার শিকার হয়েছেন। ২০০০ সালে এ সংখ্যা ছিলো ৩১ জন নারী। এ বছর প্রথম নয় মাসে ফতোয়ার শিকার হয়েছেন ৩১ জন নারী।
মানবাধিকার সংস্থাগুলো জানায়, সাধারণত মসজিদের ইমাম ও গ্রাম্য মৌলবীরা ফতোয়া দিয়ে থাকে। ধর্মের নামে দেওয়া এসব ফতোয়ার শিকার হয়ে অনেকে প্রাণও হারিয়েছেন। বিয়ে, পরকীয়া, প্রেম,পর্দা প্রথা, তালাকসহ নানা ইস্যুতে ফতোয়া দেওয়া হয়।
এ ব্যাপারে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান বিডিনিউজকে বলেন, ফতোয়ার কোনো আইনগত ভিত্তি না থাকলেও ধর্মীয় গোড়ামির কারণে গ্রাম্য ও কুশিক্ষায় শিক্ষিত মৌলবীরা ফতোয়া দিয়ে থাকে। এ থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনসচেতনতা তৈরি করা।
