কক্সবাজারের খুরুস্কুলের যোগাযোগ ব্যবস্থা নাজুক, ৭০ হাজার মানুষ চরম ভোগান্তিতে
কক্সবাজারের অদূরের উপ শহর খুরুস্কুল ইউনিয়নের ৭০ হাজার মানুষ নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে চরম ভোগান্তিতে রয়েছে।
গোটা ইউনিয়নের পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি নির্মানের পর প্রায় ১০ বছরে একবারও সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।
এই সড়ক দিয়ে একজন সুস্থ মানুষ দু’বার গাড়ি নিয়ে যাতায়াতেই অসুস্থ হয়ে পড়ে। তার ওপর এলাকার মানুষ জিম্মি হয়ে আছে জেলা অটো রিক্সা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠনের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কাছে। এই সংগঠনটির বাধার মুখে শহরের অন্য কোন গাড়ি খুরুস্কুলে ঢুকতে পারে না। ফলে অটো ট্যাক্সিগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে।
সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। ট্যাক্সি চালকরা অনেক সময় তাদের ট্যাক্সি থেকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয় বলে দাবি করা হয়েছে সম্প্রতি খুরুস্কুল ছাত্রছাত্রী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
অভিযোগ আছে, জনপ্রতিনিধিদের মাসিক মাসোহারার বিনিময়ে কব্জা করে রেখেছে অটো ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের ৭০ হাজার মানুষ জিম্মি হয়ে আছে অটো ট্যাক্সি শ্রমিকদের হাতে। খুরুস্কুল সড়কটি পাঁচ কিলোমিটার হলেও তাতে জনপ্রতি ভাড়া আদায় করা হয় প্রায় ৩০ টাকা। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বিকল্প যানবাহন না থাকায় তাদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ও ট্যাক্সি চালকদের হাতে নাজেহাল হয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।
খুরুস্কুল ছাত্রছাত্রী ঐক্য পরিষদ অবিলম্বে যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, অটো রিক্সা শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও উন্নত যানবাহন সংযোজনে শ্রমিক ইউনিয়ন নামধারী সংগঠনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
