কোচিং সেন্টারের নামে শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড
প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বাধার মুখে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির সরাসরি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারায় সংগঠনটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ভর্তি কোচিং সেন্টার পরিচালনা করে নতুন কর্মী রিক্রুট করছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, এমন ১২টি কোচিং সেন্টার থেকে শিবিরের বার্ষিক আয় প্রায় ২৫ কোটি টাকা।
শিবির পরিচালিত কোচিং সেন্টারগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে ফোকাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্যে কনক্রীট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যে ইনডেকস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সাকসেস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্যে সংশপ্তক এবং মেডিকেল কলেজগুলোর জন্য রেটিনা অন্যতম।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ও রেটিনা কোচিং সেন্টারের পরিচালক মাহবুবুর রহমান জুয়েলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই লাইন কেটে দেন।
ফোকাসের পরিচালক শিশির মনিরের সাথেও একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অফিস থেকে সাংবাদিক পরিচয় জানার পর তিনি অফিসে নেই বলে জানানো হয়।
সারা দেশে এসব কোচিং সেন্টারের প্রায় ১৫০টি শাখার মাধ্যমে শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ নতুন রিক্রুটমেন্ট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অন্যান্য কোচিং সেন্টারের পরিচালকদের মধ্যে রয়েছেন, চট্টগাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি বদরে আলম দিদার (ইনডেকস), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি আব্দুল হান্নান (সাকসেস), বুয়েট শাখা শিবির সভাপতি সাইয়েদ ফাইজুল খলিল (কনক্রীট) এবং ঢাকা মেডিকেল কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জুয়েল (রেটিনা)। শিবিরের বিশ্ববিদ্যালয় বা কলেজের সভাপতি সাধারণত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোচিং সেন্টারের পরিচালক হয়ে থাকে।
শিবির পরিচালিত কোচিং সেন্টারগুলোতে গরিব ছাত্রদের বিনামূল্যে পড়ানোর নামে শিবিরের রাজনীতি করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে।
কোচিং সেন্টারগুলোতে ভর্তির জন্যে প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের শিবির প্রকাশিত ইসলামী আন্দোলন সম্পর্কিত বিভিন্ন বই এবং জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ও জামায়াতের সাবেক আমির গোলাম আজমের লেখা বই পড়ানো হয়।
