চট্টগ্রাম বন্দরে চোরাই পণ্য বহনকারী ভিয়েতনামী জাহাজ আটক
চোরাই পথে পণ্য খালাসের সময় চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে বুধবার সকালে একটি ভিয়েতনামী পতাকাবাহী জাহাজ আটক করেছে কোস্টগার্ড।
সকাল ৭টায় বর্হিনোঙ্গরে আসা কন্টেইনারবাহী এমভি ফু-টান নামের এই জাহাজ থেকে প্রায় ৮০ কার্টুন বিয়ারসহ বিপুল পরিমাণ চোরাই ইলেকটনিক্স পণ্য উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সূত্র জানায়, সকাল আটটায় জাহাজটি থেকে ছোট ছোট ইঞ্জিন বোটে করে মাল খালাস করার বিষয়টি কোস্টগার্ডের টহল দলের চোখে পড়ে।
এসময় বন্দরের বর্হিনোঙ্গর এলাকায় জাহাজটির চারপাশে ছোট ইঞ্জিন নৌকার রীতিমত ভিড় লেগে যায় বলে প্রত্যক্ষদর্শী কোস্টগার্ডের একজন সদস্য জানান।
বিষয়টি কোস্ট গার্ডের সদর দপ্তরে জানানো হলে টহলযান সিএসজি তৌহিদকে ঘটনাস্থলে পাঠানো হয়।
কোস্টগার্ড সদস্যরা ভিয়েতনামী জাহাজটি আটক করে তল্লাশি চালিয়ে ৮০ কার্টুন বিয়ার ও বেশ কিছু ইলেকর্টনিক্স সামগ্রী উদ্ধার করে।
পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের কমান্ডিং অফিসার এটিএম আশরাফ বিডিনিউজকে বলেন, আটকের আগেই জাহাজ থেকে বিপুল পরিমাণ পণ্য ইঞ্জিন বোটে করে সরিয়ে ফেলা হয়েছে।
বিকাল পাঁচটা পর্যন্ত জাহাজটিতে তল্লাশি চলে। বৃহস্পতিবার আটক জাহাজটি বন্দর চ্যানেলে নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।
পরে চট্টগ্রাম বন্দর ও কাষ্টমস রামেজ টিমের সদস্যরাও জাহাজটি পরিদর্শন করেন।
বন্দর সূত্র জানায়, জাহাজটির স্থানীয় এজেন্ট পেনিনসুলা শিপিং এজেন্সি।
তবে এই ব্যাপারে মন্তব্য করার জন্য পেনিনসুলা এজেন্সির কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
কোস্টগার্ড সুত্র আরো জানায়, জাহাজ থেকে উদ্ধার করা বিয়ার ও ২০টি ফটোকপি মেশিন ও অন্যান্য সামগ্রী পূর্বাঞ্চলীয় কোস্টগার্ড সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটির শিপিং এজেন্ট, ক্যাপ্টেন ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।
বন্দরের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, কন্টেইার খালাসের পর জাহাজটির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
