২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় র‌্যাবের ক্রসফায়ারে জনযুদ্ধ নেতা নিহত

বাগেরহাটের মংলা পোর্ট এলাকায় রোববার রাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক নেতা ৩৭ মামলার আসামী মোহাম্মদ নুরুল ইসলাম (৫০) র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

র‌্যাব-৬ জানায়, র‌্যাব সদস্যরা শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা বাজার এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সে র‌্যাবের কাছে অস্ত্র ভাণ্ডার এবং সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। র‌্যাবের কাছে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে নিয়ে গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য মংলা পোর্ট এলাকায় যায়।

এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুল ইসলামের সহযোগীরা র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১৪/১৫ মিনিট গুলি বিনিময় হয়।

গুলি বিনিময়ের এক পর্যায়ে নুরুল ইসলাম র‌্যাবের হেফাজত থেকে পালিয়ে যায়।

এসময় একজন র‌্যাব সদস্য আহত হন।

এদিকে তার সহযোগীরা র‌্যাবের আক্রমনে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে নুরুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি দেশী পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, চার রাউণ্ড শটগানের গুলি ও দুই রাউণ্ড শটগানের গুলির খোসা উদ্ধার করে।