পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি, আরো প্রতিমা ভাংচুর
দুর্গাপূজা মণ্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিডিনিউজ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে আরো কয়েকটি স্থানে মণ্ডপ ও প্রতিমা ভাংচুরের তথ্য পাওয়া গেছে।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে দুর্গাপ্রতিমা ভাংচুরের প্রতিবাদে এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার দাবিতে শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধ ঘণ্টার মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রফিকুজ্জামান, ননী গোপাল রায়, অ্যাডভোকেট বিমল তুলসিয়ান, তুষার দত্ত প্রমুখ। বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (খালেক) এক বিবৃতিতে খুলনা, যশোর, ফরিদপুর, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা ভাংচুর ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দুর্গাপূজার মাত্র দুদিন আগে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা আবারও প্রমাণ করলো বিএনপি-জামাত জোট সরকার মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ভোররাতে একদল দুস্কৃতকারী জেলার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের শ্রী শ্রী কালীমন্দিরে রক্ষিত কালীপ্রতিমা ভাংচুর করেছে। শারদীয় দুর্গাপূজার আগে এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চর বানিয়ারী গ্রামের ঠেড়াবাড়ি মণ্ডপের সব প্রতিমা দুস্কৃতকারীরা শুক্রবার গভীর রাতে ভাংচুর করেছে। পূজা উদযাপন কমিটির সভাপতি ঋতির্পূণ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অন্যদিক, বরিশালের উপজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের সুভাষবালার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত দুর্গা প্রতিমা শুক্রবার গভীর রাতে দুস্কৃতকারীরা ভাংচুর করেছে।
