২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএন্ডটি সংযোগের অভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠানগুলো

টিএন্ডটি এক্সচেঞ্জগুলোর স্থানীয় পর্যায়ে আন্তঃসংযোগ ক্যাপাসিটির অভাবে বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের টিএন্ডটি সংযোগ সুবিধা দিতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিটিটিবি এ সমস্যার সত্যতা স্বীকার করে বলেছে, টিএন্ডটি এক্সচেঞ্জ স্থাপনের সময় পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তসংযোগ সুবিধার বিষয়টি পরিকল্পনায় না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বছর চারটি পিএসটিএন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। তারা জানিয়েছে, বারবার এ ব্যাপারে আবেদন জানানো হলেও টিএন্ডটি কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।

কার্যক্রম শুরু করার আগে অন্তত ১০ টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অবকাঠামোন্ন্য়নের কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানগুলোর সাথে আন্তঃসংযোগের ব্যাপারে টিএন্ডটির চুক্তিও সম্পন্ন হয়েছে।

জালালাবাদ টেলিকম লিমিটেডের বিজয় ফোন, বে ফোনস ওয়েস্টেক লিমিটেড বাংলাদেশ, র‌্যাংকস টেলিকম লিমিটেডের র‌্যাংকসটেল এবং ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেডের ওয়ানটেল স্বীকার করেছে যে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর অন্যান্য ল্যান্ডফোন প্রতিষ্ঠান ও মোবাইলের সাথে আন্তঃসংযোগজনিত কোনও সমস্যা তাদের থাকবে না।

ওয়ানটেলের ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মাহতাবুল আমিন বিডিনিউজকে জানান, তারা প্রথম পর্যায়ে উত্তর পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলায় (রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ) তাদের বাণিজ্যিক কার্যক্রম চালু করলেও অনুমোদিত এলাকায় তাদের কোম্পানি টিএন্ডটি কভারেজ পাচ্ছে না।

র‌্যাংকসটেলের কর্মকর্তারা জানান, শুধু সিলেট ও চট্টগ্রামের গ্রাহকদের তারা টিএন্ডটি সুবিধা দিতে পারছেন, কিন্তু তাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মুন্সীগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ও টাঙ্গাইলের গ্রাহকরা এ সুবিধা পাচ্ছে না। এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না বলে তারা জানান।

দেশের উত্তরপূর্বাঞ্চলীয় ১৬ টি জেলায় বেসরকারি ল্যান্ডফোন সুবিধা দেওয়ার ব্যাপারে অনুমোদন পেয়েছে বিজয় ফোন। পর্যায়ক্রমে তারা বৃহত্তর ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ঢাকা (মহানগর এলাকা ব্যতিত) জেলায় বেসরকারি ল্যান্ডফোন চালু করবে।

বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আখন্দ শনিবার বিডিনিউজকে জানান, বোর্ডের সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।

বে ফোনের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, চট্টগ্রাম জেলায় টিএন্ডটি সংযোগ সুবিধা থাকলেও ফেনী, হাটহাজারী, ফটিকছড়ি, আনোয়ারা, পটিয়া, নোয়াখলী, মীরেরসরাইয়ে টিএন্ডটি সংযোগ সুবিধা নেই।

ওই এলাকাগুলোতে টিএন্ডটি ফোন সুবিধা আছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ল্যান্ডফোনের সাথে টিএন্ডটি ইনকামিং-আউটগোয়িং সুবিধার বিষয়টি অনিশ্চিত। তাহলে কেন গ্রাহকরা আমাদের প্রতিষ্ঠানের ল্যান্ডফোন সংযোগ নেবে? বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠানগুলো এ প্রশ্ন রেখেছে।