রংপুর, নওগাঁ, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
উত্তরবঙ্গের রংপুর, নওগাঁ, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে মানুষের ভোগান্তি। ঘরছাড়া হয়ে পড়েছে বহু লোক।
বিডি নিউজ রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বন্যা কবলিত তিন লাখ মানুষের ভোগান্তি এখন চরমে। যমুনেশ্বরী, আখীরা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার পীরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। তবে মিঠাপুকুর, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় আট টন চাল ও ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বদরগঞ্জ, মিঠাপুকুর উপজেলায় মাটির ঘর ধসে পড়ায় এক লাখ মানুষ গৃহহারা হয়ে পড়েছে। করতোয়া, যমুনেশ্বরী, আখীরা, খিলগাহ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া, চতরা, গিলাবাড়ী, কুমেদপুর, কামিলপুর, রামনাথপুর, কৃষ্ণপুর, মদনখালী ইউনিয়নের নুতন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকার লোকজন স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নিয়েছে। পীরগঞ্জ উপজেলার অনেক পূজা মন্ডপ বন্যার পানিতে তলিয়ে গেছে। সরকারিভাবে পানিবন্দি মানুষজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সামান্য। মদনখালী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে বন্যা দুর্গতদের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, শুকনো খাবার বিতরণ করেছেন। বদরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ, মন্ডোলেরহাট সড়কের উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার খেয়ারীমাটি (লালমাটি) অধ্যুষিত এলাকার হাজার হাজার কাঁচা ঘর বাড়ি ধসে পড়েছে। ঘর বাড়ি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে। এসব এলাকার কয়েক হাজার একর জমির উঠতি আমন ধানসহ শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সাপের কামড় ও পানিতে ডুবে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা কৃষি সম্পসারণ বিভাগের একজন কর্মকর্তা জানান, বন্যায় তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার প্রায় ৭০ হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। তিনি বলেন, পানি কমে গেলে তলিয়ে যাওয়া ফসলের ২৫ ভাগ নষ্ট হয়ে যাবে। তবে উঁচু জমির ফলন ভালো হবে। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বন্যা কবলিত এলাকায় আট টন চাল, ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকায় কোন মেডিকেল টিম এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। ফলে এইসব এলাকার মানুষ দূষিত পানি পান করে পেটের পীড়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে ছোট যমুনা নদীর ঘোষপাড়া ও রামভদ্রপুর এবং তুলসীগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় নওগাঁ শহরের পূর্বাংশের রজকপুর, বোলালিয়া, সাহাপুর দোগাছি, চুন্তিপুর, মাদারমোল্লা, চকউজির গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর পোরশা উপজেলার চারটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এ নিয়ে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই, বদলগাছী, পত্নীতলা, ধামুইরহাট, মহাদেবপুর, নিয়ামতপুর, মান্দা ও সদর উপজেলার ৮৪ টি ইউনিয়নের ১০ লাখ মানুষ এখন পানি বন্দি।
বন্যা কবলিত এলাকায় প্রায় ৭০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে এক লক্ষাধিক হেক্টর জমির ফসল।
বন্য আক্রান্ত এলাকায় খাদ্যের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এ পর্যন্ত নগদ নয় লাখ টাকা এবং ৭২ মে: টন চাল বিতরণ করা হয়েছে। দুর্গতদের মতে, প্রয়োজনের তুলনায় এ সাহায্য সামান্য।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার ছয়টি নদীর পানির আকস্মিক বৃদ্ধিতে জেলার শহর রক্ষা বাধেঁ সৃষ্ট মারাত্মক ফাটলের কারনে গাইবান্ধা-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া বন্যায় জেলার ৪৫ টি ইউনিয়নে ৭৫ হাজার লোক পানিবন্দি ও ৫০ কোটি টাকার রবি শস্য ও আমন ধান বিনষ্ট হয়েছে।
জানা যায়, শহর রক্ষা বাঁেধ ইঁদুরের গর্তের সুড়ঙ্গ দিয়ে পানি প্রবেশের কারণে আটটি স্থানে বড় ফাটলের সৃষ্টি হয়েছে।
জেলায় গত দু’সপ্তাহ ধরে এক টানা প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রক্ষ্মপুত্র, তিস্তা, ঘাঘট, করতোয়া, বাঙ্গালী, মানস এই ছয়টি নদীর পানি বাড়ছে। এতে সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলার ৪৫ টি ইউনিয়নে ৭৫ হাজার লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
এদিকে করতোয়া নদীর পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা-দিনাজপুর মহাসড়কে এখন হাটু পানি। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন। গত ২৪ ঘন্টায় রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। উপজেলার গোয়ালের গ্রাম, পালের চর, দক্ষিণ পালের চর, খেদাইমারীর চর, খুখুমারী এলাকার এসব পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। নদী ভাঙ্গনের শিকার আফজল (৭৫) জানান, এ নিয়ে ১০ বার তার বাড়ি ভাঙ্গলো।
