চার বছরে রাজশাহীতে জোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বেশিরভাগই অপূর্ণ রয়ে গেছে
জোট সরকারের মেয়াদ চার বছর পার হলেও রাজশাহীর পাঁচটি সংসদীয় এলাকায় বেশির ভাগ নির্বাচনী প্রতিশ্রুতি এখনও অপূর্ণই রয়ে গেছে। এক্ষেত্রে রাজশাহী সদরেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বললেই চলে।
গত চার বছরে রাজশাহী-১ আসনের গোদাগাড়িতে ১১৭ কোটি টাকা এবং তানোরে ৩৫ কোটি এবং রাজশাহী-২ আসনের পবায় ১২০ কোটি ও সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ২৭০ কোটি টাকা উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় করা হয়েছে।
এছাড়া রাজশাহী-৩ আসনের বাগমারায় ১২৬ কোটি টাকা ও মোহনপুরে তিন কোটি এবং রাজশাহী-৫ আসনের চারঘাটে পাঁচ কোটি এবং বাঘায় সাড়ে চার কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে।
রাজশাহীতে গত নির্বাচনের আগে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, কৃষিভিত্তিক ইপিজেড এবং রেশম নগরী স্থাপন, শহর রক্ষা বাঁধ সংস্কার, গোদাগাড়ি ও চারঘাট উপজেলাকে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা ইত্যাদি।
অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে ছিল পবা উপজেলায় নওহাটা ব্রিজ নির্মাণ, বিদ্যুৎ বিতরণ ফেজ-২ প্রকল্পের বাস্তবায়ন, কাটাখালীতে ৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র স্থাপন, শিশু পার্ক নির্মাণ, মহিলা পলিটেকনিক স্থাপন, ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ, পানি বিশুদ্ধকরণ প্রকল্প, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন।
রাজশাহী-১ (গোদাগাড়ি-তানোর) আসনে টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের প্রধান প্রতিশ্রুতি ছিল পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে রাজাবাড়ী থেকে বালিয়াঘাটা পর্যন্ত ২৮ কিলোমিটার বাঁধ নির্মাণ করবেন।
এরমধ্যে মাত্র ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এখনও ১৮ কিলোমিটার বাঁধ নির্মাণ হয়নি। এর ফলে পদ্মার ভাঙ্গনের মুখে গোদাগাড়ি এলাকায় প্রায় ২৫টি গ্রাম চরম হুমকির মধ্যে রয়েছে।
এখানে কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে সিটি মেয়র মিজানুর রহমান মিনু এমপি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়ে কোন অগ্রগতি নেই।
রাজশাহীকে রেশম নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও ২০০২ সালের ৩০ নভেম্বর রেশম কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের ৩৫৯ জন শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছে।
রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার নখরাজি ব্রিজ ও বাগমারার শ্রী পতিপরা ব্রিজ নির্মাণের কাজ সবেমাত্র শুরু হয়েছে।
এদিকে সাংসদ আবু হেনা অভিযোগে জানান, রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বাগমারা-মোহনপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিজ এলাকায় নিয়ে গেছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে এ আসনের সাংসদ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জিনাতুন্নেসা তালুকদার বিডিনিউজকে জানান, গত চার বছরে সাংসদ আবু হেনা যতগুলো প্রকল্প উদ্বোধন করেছেন তার সিংহভাগই আগের সরকারের আমলের।
রাজশাহী-৪ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ নাদিম মোস্তফা বলেন, গত চার বছর ধরে এখানে সকল প্রতিশ্রুতি মোতাবেক কাজের থেকেও অনেক বেশি কাজ করা হয়েছে।
অন্যদিকে এ আসনের সাবেক সাংসদ বর্তমানে জেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক বিডিনিউজকে বলেন, গত নির্বাচনে বর্তমান এমপি এগ্রোবেজ ইন্ডাস্ট্রি নির্মাণ এবং বেকারত্ব দূর করার জন্য ঋণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেননি।
রাজশাহী-৫ আসনের চারঘাট এবং বাঘার বৃহত্তম অংশই পদ্মার ভাঙ্গনের মুখে রয়েছে। এখানে ভাঙ্গন রোধে প্রয়োজনের তুলনায় গুটি কয়েক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ অঞ্চলের প্রায় তিন হাজার পরিবার নদী ভাঙ্গনে বসত ভিটা হারিয়ে চরম দারিদ্র্যতার শিকার হয়েছে।
