খুলনা, ফরিদপুর ও যশোরে প্রতিমা ভাংচুর, বরিশালে ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে এলাকাবাসির পাহারা
অজ্ঞাত দুস্কৃতিকারিরা বৃহস্পতিবার রাতে খুলনা, ফরিদপুর ও যশোরের তিনটি পূজামণ্ডপে দুর্গা প্রতিমা ভাংচুর করেছে। এদিকে মূর্তি ভাংচুরের আশংকায় বরিশাল জেলার সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়ায় রাত জেগে মণ্ডপ পাহারা দিচ্ছে এলাকাবাসী।
বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান, অজ্ঞাত দুস্কৃতিকারিরা বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের প্রিয়লাল সাহার পারিবারিক মন্দিরের নির্মিত দুর্গা প্রতিমা ভেঙ্গে ফেলে।
প্রিয়লাল সাহার পুত্র সুভাষ সাহা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিমা নির্মাণ পুরোপুরি শেষ হওয়ার পর রাত ১১টায় তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৪ চারটায় ঘুম থেকে উঠে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান।
প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো: নাসিরউদ্দিন ও পুলিশ সুপার মো: আব্দুল জলিলসহ উর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিমা ভাংচুরের ঘটনায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নিন্দা জানিয়েছে। এর প্রতিবাদে শনিবার তারা মানব বন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
এদিকে ফরিদপুর ও আলফাডাঙ্গা উপজেলায় প্রতিমা ভাংচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এসআই গোলাম নবী, এএসআই খন্দকার শাহ আলমের বিরুদ্ধে শুক্রবার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, জেলার কেশবপুর উপজেলার পাজিয়া পূজামণ্ডপ থেকে বৃহস্পতিবার রাতে কে বা কারা দূর্গা প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যায়। শুক্রবার সকালে বিষয়টি সকলের নজরে আসে।
স্থানীয়রা জানায়, রাত ১২টা পর্যন্ত এলাকায় পাহারা ছিল। রাত ১২টার পর ঘটনাটি ঘটেতে পারে বলে তারা ধারণা করছে।
প্রতিমা ভাংচুরের খবর পেয়ে যশোর থেকে পুলিশ প্রশাসন ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা নতুন করে প্রতিমা গড়ার পরামর্শ দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর লবনচরা এলাকায় দুস্কৃতিকারিরা দুর্গা প্রতিমার মাথা ভাংচুর করেছে। লবনচরা এলাকার শ্রী শ্রী সত্য নারায়নের মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে দুস্কৃতিকারিরা মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমার মাথা ভাংচুর করে চলে যায়। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল জেলার সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলায় দূর্গা মূর্তি রক্ষার জন্যে এলাকাবাসী প্রতিটি মণ্ডপে রাত জেগে পাহার দিচ্ছে।
এলাকার ১২০টি পূজা মণ্ডপের বিপরীতে থানায় মাত্র ২০/২৫ জন পুলিশ থাকায় বড় ধরণের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নৈশ প্রহরার ব্যবস্থা করে।
পূজা উদযাপন পরিষদ জানায়, আগৈলঝাড়ায় এবার ৫০টি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ।
জোট সরকার ক্ষমতা গ্রহণের পর আগৈলঝাড়াসহ গোটা দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছিল।
এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিডিনিউজকে বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
তবে তিনি জানান, শুক্রবার সকাল পর্যন্ত কোনও মণ্ডপে পুলিশ এসে পৌঁছায়নি।
অপরদিকে, র্যাব সদস্যরা অল্প কয়েকটি মণ্ডপে টহল দিচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বেশিরভাগ পূজা মণ্ডপে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় র্যাব সদস্যরা সেখানে যেতে পারছেন না।
