সিলেটে বাংলাদেশী এক শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উজমা সীমান্ত থেকে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ওমর আলী (৩৫) নামে একজন বাংলাদেশী পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিএসএফ ওমর আলীকে ফেরত দেয়নি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকালে ১০/১২ জন শ্রমিক সীমান্তের পিলারের পাশে পাথর উত্তোলনের সময় বিএসএফ তাদের প্রতি গুলি ছোড়ে। এক পর্যায়ে বিএসএফের সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়ে।
বিএসএফ সদস্যদের দেখে অন্যরা পালিয়ে গেলেও ওমর আলী তাদের হাতে ধরা পড়ে যায়। তাকে বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ড থেকে ধরে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শ্রমিককে ফিরিয়ে আনার ব্যাপারে দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল।
