২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল ও সড়কের জমিতে অপটিক্যাল ফাইবার সঞ্চালন নীতিমালা চূড়ান্ত

দেশব্যাপী তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতের সামগ্রিক উন্নয়ন ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের জমিতে অপটিক্যাল ফাইবার সঞ্চালনের খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে সমন্বিত এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের জনগণের কাছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সেবা পৌঁছানোর মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এক্ষেত্রে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক, সেতু, বাঁধ ও রেলের জমিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল সঞ্চালনের জন্যে প্রাইভেট টেলিকম অপারেটরদের অনুমতি প্রদানে আইনগত ও রেগুলেটরি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া এ খাতে রাজস্ব আয় বৃদ্ধি এবং আইসিটি খাতের সুষ্ঠু ও সামগ্রিক উন্নয়নে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে এবং যমুনা সেতু কর্তৃপক্ষের ভূমি ব্যবহারের সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফায়জুর রহমান, রেলওয়ের মহাপরিচালক আফম মোস্তাফিজুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।