২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব নিজেরাই নিশ্চিত নয় এটি হীরা কি না

বগুড়া জেলার শেরপুর বাসস্ট্যান্ড থেকে জব্দ করা ধাতুটি প্রকৃতপক্ষেই হীরা কি না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিজেরাই এ ব্যাপারে নিশ্চিত নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

তবে র‌্যাব নিশ্চিত, দেশে একটি আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে, যারা মাঝেমধ্যেই এ ধরণের মুল্যবান ধাতু পাচারের সাথে জড়িত।

এর আগে মঙ্গলবার র‌্যাব জানায়, র‌্যাব-১০ এর সদস্যরা বিখ্যাত ‘কোহিনূর’র চেয়েও বড় প্রায় ৫’শ কোটি টাকা মুল্যের একটি হীরা আটক করেছে।

ইতোমধ্যে হীরা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে র‌্যাব-১০’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল মানিক জানান, সঠিক পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা জব্দ করা ধাতুটি সম্পর্কে কিছু বলতে পারব না।

তিনি বলেন, র‌্যাব সদস্যরা প্রথমে এটিকে হীরা বলে সন্দেহ করেছিল। স্টোন পরীক্ষার জন্য দেশে সরকারি কোনও পরীক্ষাগার নেই। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এ ব্যাপারে কিছু বলতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, জব্দ করা স্টোনটি সরকার পরীক্ষা করবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদউল্লাহ বলেন, ‘স্ট্রিক প্লেট’ দিয়ে পাথরটির গায়ে আঁচড় দিয়ে ‘হার্ডনেস স্কেল’ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, এটা আসলে হীরা না অন্যকিছু।

তবে তিনি বলেন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ যথাযথবাবে এই পরীক্ষা সম্পন্ন করতে পারবে না। তিনি এ ব্যাপারে ভূ-তত্ত্ব বিভাগের সাথে আলোচনা করতে বলেন।

পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এবং ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হোসেন মনসুর বিডিনিউজকে বলেন, সঠিক পরীক্ষা ছাড়া কোনওভাবেই নিশ্চিত হওয়া যাবে না, এটা হীরা না অন্যকিছু।

তিনি বলেন, বাজারে স্থায়ী কোনও দাম না থাকায় হীরার দাম পরিমাণ বা ওজনের ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে হীরার এতিহ্য ও মর্যাদার ওপর। বৈজ্ঞানিক পরীক্ষার আগে কেউ বলতে পারবে না, এটি হীরা কিনা।

তিনি বলেন, বাজারে বিভিন্ন ধরণের হীরা রয়েছে। এমনকি কৃত্রিম হীরাও রয়েছে। হীরা বিশ্বের সবচেয়ে শক্ত পদার্থ। কিন্তু ওজনে কাঁচের চেয়েও হালকা।

অন্যদিকে, এক প্রশ্নের জবাবে কর্ণেল মানিক বলেন, এটা হীরা বা অন্যকিছু হতে পারে। তবে হীরার সঙ্গে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যে আন্তর্জাতিক চোরাকারবার চক্রের সদস্য এব্যাপারে আমরা নিশ্চিত।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করায় আমরা এ ব্যাপারে যথাযথ তদন্ত করতে পারি নি।

গ্রেপ্তারকৃতদের সহযোগিরা পালিয়ে যাওয়ায় তাদের চিহ্নিত করা সম্ভব হয় নি বলে তিনি উল্লেখ করেন।

র‌্যাব ১০ এর সদস্যরা মঙ্গলবার শেরপুর বাসস্ট্যান্ড থেকে মোক্তার হোসেন এবং মানিক দেবনাথসহ ওই হীরাটি আটক করে। আটকের পর পাথরটি শেরপুর থানা কোষাগারে রাখা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, পাথরটি পরীক্ষার জন্য শিগগিরই ঢাকায় আনা হবে।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।