রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলমানদের আধ্যাত্মিক বিকাশ ও দানশীলতা এবং আমেরিকান সমাজে তাদের অবদানের প্রশংসা করেন।
জর্জ বুশ তার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মুসলমানরা যখন তাদের পবিত্র রমযান মাস উদযাপন করতে যাচ্ছেন, সে সময় লরা এবং আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো বলেন, এই পবিত্র রমযান মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরান শরীফ নাযেল হয়েছিল বলে তা ইসলামী বর্ষপঞ্জির সবচাইতে পবিত্র মাস। যারা অভাবে রয়েছে, এ মাস সেই হতভাগ্যদের সাথে ঈশ্বরের উপহার ভাগ করে নেয়ার একটি উপলক্ষ।
বুশ বলেন, আমাদের ইতিহাসে আমরা দেখেছি, আমেরিকার মুসলিম নাগরিকরা তাদের ধর্ম বিশ্বাস, মহত্ব এবং অনুকম্পা দিয়ে আমাদের জাতিকে আরো শক্তিশালী ও আশাবাদী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।
