কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত
কুমিল্লার সদর উপজেলার কমলাপুর গ্রামে মঙ্গলবার রাতে এক দল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার কমলাপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রশিদের ঘরে ঢুকে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা তাদেরকে মারধোর করে আলমারির চাবি নিয়ে আলমারি থেকে নগদ তিন লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুলক্রমে ডাকাত লিটন (২৮) রয়ে যায়।
এ সময় গ্রামবাসীর চিৎকারে পাশের গ্রাম সৈয়দপুরের জনগণ লিটনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর ডাকাতরা পাঁচ/ছয় রাউণ্ড গুলি ছুঁড়লে চারজন গ্রামবাসী আহত হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে।
গ্রামবাসীরা ডাকাতদের একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
নিহত ডাকাত লিটন বুড়িচং উপজেলার পরিহলপাড়ার আব্দুর রহমানের ছেলে।
