২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কাস্টমস হাউস ও বন্ড কাস্টমস দুর্নীতি দমন কমিশনের সরাসরি নজরদারিতে আসছে

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউসন ও অর্থ) মনির উদ্দিন আহমদ বলেছেন, ঢাকা কাস্টমস হাউস ও বন্ড কাস্টমস দুর্নীতি দমন কমিশনের সরাসরি নজরদারিতে আনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তিনি মঙ্গলবার ঢাকা কাস্টমস ও আইসিডি, কমলাপুর বন্দর কাস্টমস পরিদর্শনের পর সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠকে একথা বলেন।

কর্মকর্তাদের সাথে বৈঠকে কমিশনার আরও বলেন, চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস হাউসে কমিশনের স্থায়ী অফিস বসানো হবে। কাস্টমস হাউসের কর্মকান্ড গভীর ভাবে অনুসন্ধান করা হবে। এসময় যাদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে আরও জানানো হয়, কমিশন আইনে দুর্ণীতির একটি বিশেষ ধারা সংযোজিত হয়েছে। ধারা অনুযায়ী, যাদের আয়ের সাথে সঙ্গতি নেই, এমন সম্পত্তির জন্য তিন থেকে দশ বছর কারাদন্ডের পাশাপশি অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত যোগ্য হবে।

কমিশনের কাজে যে সকল কর্মকর্তা নিয়োজিত থাকবে, তাদেরকে নজরদারি করতে পৃথক ইনটেলিজেন্স ব্যবহার করা হবে।

কমিশনার মনির উদ্দিন উল্লেখ করেন, কমিশন তিনটি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেছে।

ক্ষেত্র গুলোর মধ্যে রয়েছে রাজস্ব আদায়, রাজস্ব ব্যয় ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি।

বৈঠকে কাস্টমস্ বন্ডের কমিশনার আতিকুর রহমান খান , আইসিডি ও ঢাকা কাস্টমস্ হাউসের কমিশনার নাসির উদ্দিন ও আইসিডির জয়েন্ট কমিশনার আযম-ই-সাদত উপস্থিত ছিলেন।