সুন্দরবনে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
খুলনার কয়রা উপজেলার গহীন সুন্দরবনের গেরা নদীর পাশে গাছের সাথে বাধা অবস্থায় মঙ্গলবার দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো কয়রা পাঁচ ও চার নম্বর এলাকার যথাক্রমে মৃত রহিম বক্স গাজীর ছেলে আমিরুল ইসলাম (২৮) এবং মনসুর শেখের ছেলে মোহাম্মদ আলী (১৩)।
সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে নৌকাযোগে আমিরুল ও মোহাম্মদ আলী মাছ ধরতে যায়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। অন্য জেলেরা নদীতে তাদের নৌকা ও জাল দেখতে পেলেও তাদের কোন সন্ধান দিতে পারেনি। উভয়ের পরিবার থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিহত আমিরুলের ভাই আতিয়ার মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হতভাগ্য দুই জেলের লাশ গাছের সাথে বাধা অবস্থায় পায়। পরে পুলিশে খবর দেয়া হলে বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ।
