স্টার চ্যানেলের অবৈধ প্রদর্শনের বিরুদ্ধে পুলিশি অভিযানে গ্রেপ্তার আট
ইউনাইটেড কম্যুনিকেশন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ও সাত পরিচালককে গ্রেপ্তার ও যন্ত্রপাতি জব্দ করায় সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় চার লক্ষাধিক গ্রাহক স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
পাইরেসি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার ব্যাপক অভিযান চলাকালে পুলিশ ইউনাইটেড কম্যুনিকেশন সার্ভিস (ইউসিএস) লিমিটেডের চেয়ারম্যান ও সাত পরিচালককে গ্রেপ্তার করে।
বাংলাদেশে স্টার টিভি নেটওয়ার্কের একমাত্র এজেন্ট এমজিএইচ ইনফোকম লি’র পাইরেসি ও প্রত্যারণার অভিযোগে ইউসিএস’র ১৬ জন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করায় পুলিশের ২৩টি দল নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ ইউসিএস’র আট পরিচালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ক্যাবল অপারেটরদের নগরীর বিভিন্ন স্থানে পৃথক ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবসা রয়েছে। তবে সংস্থার অপর পরিচালকরা পলাতক রয়েছে।
গ্রাহকদের অবৈধভাবে স্টার টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়ায় পুলিশ গ্রেপ্তারের পাশাপাশি তাদের ডিকোডার, এম্পলিফায়ার, ট্রান্সফরমার এবং রিসিভারসহ অন্যান্য যন্ত্রপাতিও জব্দ করেছে।
এমজিএইচ ইনফোকম’র এক কর্মকর্তা বলেন, বারবার তাগিদ দেয়া সত্ত্বেও ১ কোটি ৭৩ লাখ টাকার বকেয়া বিল দিতে ব্যর্থ হওয়ায় তারা সেপ্টেম্বরের ২১ তারিখে ইউসিএস কর্তৃপক্ষের স্টার টিভি নেটওয়ার্কের বিতরণ অধিকার জব্দ করে।
তিনি আরও বলেন, জব্দের পরেও দেশের কপিরাইট অধিকার লংঘন করে ইউসিএস অন্য ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সিগন্যাল চুরির মাধ্যমে স্টার নেটওয়ার্ক প্রদর্শন অব্যাহত রাখে। কপিরাইট ও ব্যবসায়িক স্বার্থে এমজিএইচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়।
গ্রেপ্তারের দিনেই ইউসিএস পরিচালকদের আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-চেয়ারম্যান আরিফ মাহমুদ সৈয়দ, পরিচালক রাইফুল ইসলাম লস্কর, আল-আমীন, লুৎফর রহমান নাসিম, আবু তাহের মন্টু, মোশাররফ আলী চঞ্চল এবং নুরুল আলম।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, তারা ৪০৬ ও ৪২০ ধারায় ইউসিএস পরিচালকদের গ্রেপ্তার করেছেন।
এমজিএইচ ইনফোকম’র সহকারি ব্যবস্থাপকের দায়ের করা মামলায় জানা যায়, ইউসিএস বাংলাদেশে এমজিএইচকে ব্যবসা বন্ধ করার হুমকি দিয়েছে।
ক্যাবল অপারেটর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি)’র সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মাসুদকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলন, এমজিএইচ ইনফোকমের একটি লিগ্যাল নোটিশ ইস্যু সম্পর্কে তাকে অবহিত করা হয়েছিল।
তিনি স্বীকার করেন, ইউসিএস অবৈধভাবে স্টার টিভি নেটওয়ার্ক প্রর্দশন করতো।
