বিমান ১০টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শিডিউল রক্ষা করতে হিমশিম খাচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র ১০টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শিডিউল রক্ষা করতে হিমশিম খাচ্ছে।
বিমান সূত্র জানায়, বিমানের উড়োজাহাজ বহরে এখন তিনটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও তিনটি এফ-২৮ সক্রিয় রয়েছে।
সংস্থার নিউইয়র্ক ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে রোববার ব্রাসেলসে আটকা পড়ে। বিজি-০১২ ফ্লাইটটি ২০৭ জন যাত্রী নিয়ে নিউইয়র্ক থেকে ব্রাসেলস হয়ে ঢাকা ফেরার পথে এর দু'নম্বর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ডিসি-১০ উড়োজাহাজটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ব্রাসেলসেই সাময়িকভাবে বসে যায় (গ্রাউন্ডেড)।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের আরেক ডিসি-১০ উড়োজাহাজ বেশ কিছুদিন ধরেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাংগারে গ্রাউন্ডেড হয়ে আছে।
অপর একটি ডিসি-১০ গত ১ জুলাই চট্টগ্রামে এবং আরেকটি এফ-২৮ গত বছর ৮ অক্টোবর সিলেটে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
ওই ১০টি উড়োজাহাজ দিয়েই এখন বিমানকে কোনোরকমে তিনটি মহাদেশের ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করতে হচ্ছে।
