২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিদ্যুতের বেহাল অবস্থা, বিএনপি’র শাসনামলে ৪ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়েনি

বিদ্যুৎ কেন্দ্রগুলোর জরাজীর্ণ অবস্থা ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে গত চার বছরে চট্টগ্রামবাসীকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

সালেহ নোমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 03:46 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পুরণের লক্ষ্যে বিএনপি’র শাসনামলের এই চার বছরে নতুন করে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাতো নেওয়াই হয়নি; উপরন্তু জরাজীর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সংস্কারের অভাবে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে উৎপাদন।

বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে চট্টগ্রামবাসীর ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এখনো চলছে জোড়াতালি দিয়ে।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার পরিবর্তে সম্পূর্ণ নতুন অবকাঠামো গড়ে তুলতে ৮৭০কোটি টাকা ব্যয়ে ‘বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্প’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয় ১৯৯২ সালে। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগের অভাবে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হতে সময় লেগে যায় প্রায় ১০ বছর।

২০০১ সালে শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৫ সালের জুলাইতে। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়া ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় এখন পর্যন্ত প্রকল্পটির মাত্র অর্ধেক বাস্তবায়ন হয়েছে।

প্রকল্প পরিচালক এইচএম আমিনুল ইসলাম বিডিনিউজকে জানিয়েছেন, ঠিক সময়ে অর্থ পাওয়া না যাওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। ২০০৫ সালের আগস্ট পর্যন্ত এ প্রকল্পে ৪১৩ কোটি টাকার কাজ হয়েছে। যে ভাবে বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে তাতে শেষ হতে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের ৮৭০ কোটি টাকার মধ্যে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৩২২ কোটি টাকা। অপর ৫২২ কোটি টাকা ব্যয় হবে স্থানীয় মুদ্রায়।

বৈদেশিক মুদ্রার পুরোটায় নেওয়া হবে দাতা সংস্থা কুয়েত ফান্ড থেকে। ইতোমধ্যে তারা ২১৬ কোটি টাকা দিয়েছে। আরো ১০৬কোটি টাকার বৈদেশিক মুদ্রার জন্য কুয়েত সরকারের সাথে আলোচনা চলছে। শিগগিরই এ ব্যাপারে চুক্তি হতে পারে বলে পিডিবি কর্র্তৃপক্ষ আশা করছে।

স্থানীয় মুদ্রায় নির্ধারিত ব্যয়ের ৫২২কোটি টাকার পুরোটায় বাংলাদেশ সরকারের উন্নয়ন খাত থেকে যোগান দেওয়ার কথা। এর মধ্যে ২০০৪-০৫ অর্থ বছর পর্যন্ত বাংলাদেশ সরকার ৩১৫ কোটি টাকা দিয়েছে। ২০০৫-০৬ অর্থ বছরের জন্য ১০০ কোটি টাকা চাওয়া হলেও সরকার দিতে রাজি হয়েছে মাত্র ৪০ কোটি টাকা।

প্রকল্পটির বাস্তবায়নে বিলম্বের জন্য অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ছাড়াও কনসালটেন্ট নিয়োগের জটিলতাকে দায়ী করছেন প্রকল্পের সাথে জড়িত একটি সূত্র। ২০০১ সালে বাস্তবায়ন কাজ শুরু হলেও কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে ২০০৩ সালে।

অষ্ট্রেলিয়া, জাপান, ও কুয়েতের তিনটি সংস্থা এবং স্থানীয় দুটি সংস্থাসহ মোট পাঁচটি সংস্থার একটি কনসোটিয়ামকে কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছর লেগে যাওয়াকে বাস্তবায়ন কাজ বিলম্ব হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া অর্থের সংস্থান হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় নিয়ম কানুন সম্পন্ন করে কার্যাদেশ দিতে ক্ষেত্র বিশেষে এক বছর লেগে যাচ্ছে।

৫৭ কি.মি. সঞ্চালন লাইনসহ প্রায় ১০০০ কি.মি. বিতরণ লাইন নির্মাণ, প্রায় পাঁচশ কি..িঃ পুরানো লাইন মেরামত, সাতটি নতুন সাব-স্টেশন স্থাপন, ২৮টি পুরানো সাব-ষ্টেশন মেরামত, শিল্প ইউনিটগুলোতে সাড়ে সাতশ প্রি-পেইড মিটার স্থাপন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার কম্পিউটারাইজেশানসহ মোট ১৪টি অংশে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রামের চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র , কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ও শিকলবাহায় দুটি বিদ্যুৎ কেন্দ্রে মোট ৭২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মতো আছে। কিন্তু নানা ত্রুটির কারণে এ চারটি কেন্দ্র থেকে বর্তমানে সাড়ে চারশ থেকে পাঁচশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছেনা।

চট্টগ্রামের দৈনিক বিদ্যুৎ চাহিদা সাড়ে চার’শ মেগাওয়াটের মত। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মেটানোর জন্য চট্টগ্রাম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ নিয়ে যাওয়ার কারণে স্থানীয়ভাবে নিয়মিত ৫০ মেগাওয়াটের মত লোডশেডিং করতে হয় বলে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী বশির আহমেদ বিডিনিউজকে জানান।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে অপেক্ষাকৃত কম উৎপাদন ব্যয় সম্পন্ন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র দুটি ইউনিটেই পূর্ণ উৎপাদন হচ্ছে। চার ও পাঁচ নং ইউনিট বন্ধ গত দুই বছর ধরে। ৩নং ইউনিট গত দুই বছরে কখনো পুরো মাত্রায় চালু রাখা সম্ভব হয়নি। সব মিলিয়ে এ কেন্দ্র থেকে দৈনিক একশ’ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছেনা।

৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রটি মেরামতের জন্য ২০০১ সালের মাঝামাঝি থেকে ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৮৬দিন বন্ধ ছিল। এ ছাড়াও গ্যাসের চাপ কম থাকায় প্রতি মাসে গড়ে পাঁচদিন করে বন্ধ রাখতে হচ্ছে।

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে আরো একটি ১৫০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা বলা হচ্ছে ২০০৩ সাল থেকে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন কোন অগ্রগতি নেই।

চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ এখন পুরোপুরি নির্ভর করছে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপর। ৪২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটির দুটি ইউনিটে নিয়মিত ৩৫০ থেকে ৩৬০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছেনা।