আহলে হাদিস ১৭ আগস্টের বোমা হামলা করেছে, আমি জড়িত নই: আদালতে মুফতি হান্নান
আহলে হাদিস ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা করেছে। ওই ঘটনার সাথে আমি বা আমার সমর্থকদের কোনও সম্পর্ক নেই।
দেশজুড়ে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলা সংক্রান্ত তেজগাঁও থানার মামলার শুনানিকালে মুফতি হান্নান ম্যজিস্ট্রেটের সামনে এসব কথা বলে।
হান্নান জানায়, আওয়ামী লীগ আমলে তাকে শেখ হাসিনা হত্যা প্রচেষ্টাসহ অস্ত্র মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়। সে অস্ত্র মামলায় সাজা পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা মওকুফের আবেদন জানায়।
সে আরো জানায়, ৭৯ সালে সে দেশের বাইরে যায়। দেওবন্দে টাইটেল পাশ করে দু’বছর পাকিস্তানে বাস করে।
হান্নান বলে, র্যাব আমাকে ধরার পর কোনও অত্যাচার করেনি।
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে লুঙ্গি ও গেঞ্জি পরা মুফতী হান্নানকে বুলেট গ্রুফ জ্যাকেট পরিয়ে হাজির করা হয়। শুনানির সময় র্যাব সদস্যরাও পুলিশ ও আসামির সাথে কাঠগড়ায় উঠে যায়।
শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষে স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকজন আইনজীবী ২০০৩ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ৪নং ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর আলমের দেওয়া গোপালগঞ্জের অস্ত্র মামলার রায়ের কপি আদালতের সামনে দাখিল করেন।
আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্টের বোমা হামলা সম্পর্কে তদন্তের স্বার্থে হান্নানকে রিমান্ডে নেয়া প্রয়োজন। রাষ্ট্রপক্ষে কোর্ট ইনসপেক্টর আবদুল আজিজ গুনানিতে অংশ নেন। অ্যাডভোকেট সাজাওয়ার হোসেন আদালতের সামনে রায়ের কপি দাখিল করেন।
মহানগর হাকিম কামরুন্নাহার শুনানি শেষে মুফতি হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চাওয়া ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
