শতভাগ স্যানিটেশন সুস্বাস্থ্য ও দারিদ্র বিমোচনে সহায়ক : মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, শতভাগ স্যানিটেশন সুবিধা অর্জন সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র বিমোচনে ও সহায়ক ভুমিকা পালন করতে পারে।
রোববার ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘স্যানিটেশন মাস অক্টোবর, ২০০৫’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি পল এড্ওয়ার্ডসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শতভাগ স্যানিটেশন কভারেজ অর্জনকারি এলাকায় স্বাস্থ্য খাতে ব্যয়ের অর্থ সাশ্রয় করে দারিদ্র বিমোচন কর্মসূচিতে ব্যয় করা হবে।
মান্নান ভূঁইয়া বলেন, হতদরিদ্র পরিবারদের স্থায়ীভাবে স্যানিটেশন সুবিধা প্রদানের জন্য ‘প্রো-পুওর স্ট্রাটেজি’ তৈরি করা হয়েছে। এছাড়াও এ কার্যক্রমে তৃণমূল পর্যায়ের লোকজনের অংশগ্রহন নিশ্চিত ও নির্ধারিত সময়ে লক্ষমাত্রা অর্জনে স্যানিটেশন কৌশলপত্র তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্যানিটেশন ও পানি দুষণই ডায়রিয়ার অন্যতম কারণ। এখাতে প্রতি বছর ৫০০ কোটি টাকা ব্যয় হয়। স্যানিটেশন কর্মসুচি সফল হলে স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি লাভবান হবে।
পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, স্যানিটেশনের ক্ষেত্রে দেশে বিরাট সাফল্য এসেছে। দলমত নির্বিশেষে সকলকে ওই সাফল্য ধরে রাখতে হবে।
পরে মান্নান ভূঁইয়া শতভাগ স্যানিটেশন সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ২৯৩টি ইউনিয়ন পরিষদ, ১৬টি উপজেলা পরিষদ, ১০টি পৌরসভা ও তেজগাঁও সার্কেলের প্রতিনিধিদের ক্রেষ্ট উপহার দেন।
