২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রবীণ সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের বর্ষপূর্তি, হত্যা রহস্য উদঘাটিত হয়নি

বগুড়ার প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডের বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত হত্যা রহস্য উদঘাটিত হয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ এক যুবলীগ নেতাসহ চার জনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। সিআইডি বগুড়া ক্যাম্প ১০ মাস আগে মামলা হাতে পেলেও কোনও অগ্রগতি করতে পারেনি।

বগুড়া শহরের সাতমাথায় একটি দৈনিকে কাজ শেষে দীপঙ্কর চক্রবর্তী গত বছর ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডে নামেন। এরপর তিনি পায়ে হেঁটে সান্যালপাড়ার বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা পেছন থেকে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ নিয়ে কয়েকদিন বগুড়া শহর ও শেরপুরে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করা হলেও পরে তা আস্তে আস্তে ফিকে হয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী শেরপুর থানায় কারও নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা (নং-৩, তাং-৩/১০/০৪, ধারা-৩০২ দ.বি.) দায়ের করেন। পুলিশ এ হত্যাকাণ্ডের ব্যাপারে কোনও ক্লু বের করতে না পারলেও স্থানীয় জনগণ ধারণা করেন, শেরপুর উপজেলার ভবানীপুর মন্দিরে লাখ লাখ টাকা মূল্যের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখায় তাকে হত্যা করা হয়েছে। ওই সম্পত্তি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলো।

পরে শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তা ওসি নুরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভবানীপুর মন্দিরের পুরোহিত মৃত শশাংক ঠাকুরের ছেলে ষষ্ঠী ঠাকুর (৩৯), জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং শহরে বাদুড়তলার মৃত সুধীর কুমার রায়ের ছেলে সাগর কুমার রায় (৩৮), চেলোপাড়ার মৃত টুলু চন্দ্র সিংহের ছেলে স্বপন কুমার সিংহ (৩৮) ও শেরপুরের টাকাধুকুরিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে মেহের উদ্দিন খানকে (৪০) গ্রেফতার করে।

পুলিশ এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে কোনও তথ্য পায়নি। পরে এরা সবাই আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

মামলাটি দীর্ঘদিন এভাবে পড়ে থাকার পর এ বছরের ২ জানুয়ারি সিআইডি বগুড়া ক্যাম্পে স্থানান্তর করা হয়।

সিআইডি বগুড়া ক্যাম্পের ইন্সপেক্টর এবং তদন্তকারী কর্মকর্তা একেএম জসিমুল ইসলাম জানান, মামলা হাতে পাওয়ার পর ৩০/৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও ক্লু পাওয়া যায়নি। হত্যা রহস্য উদঘাটনে জোর তৎপরতা চলছে। তিনিও ধারনা প্রকাশ করেন, ভবানীপুর মন্দিরের সম্পত্তির কারণেই দীপঙ্কর খুন হয়েছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়া সাংবাদিক ইউনিয়ন রোববার বেলা ১১টায় বগুড়া প্রেসকাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে। এছাড়া সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ এবং প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলনেও কর্মসূচি রয়েছে।