সিরিজ বোমা হামলা: সিলেটে আটক আরো ১ জেমবি সদস্যের স্বীকারোক্তি
সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য মাস্টার আব্দুল হাই ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে শনিবার দুপুরে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন।
আব্দুল হাই জানান, হামলা চালানোর আগে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই নেতা দেলোয়ার ও মুরাদ সিলেট এসে তাকে এবং মহসীন খানকে বোমা হামলা চালানোর দিকনির্দেশনা দিয়ে যান। তবে তিনি জানান, এ দুই নেতার সাথে তার পূর্ব পরিচয় ছিল না।
অপর জেএমবি সদস্য মহসীন খান ৩০ সেপ্টেম্বর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে সিলেটের আদালত চত্বর ও কালেক্টরেট ভবনে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
আটক মহসীন খানের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদিয়া সালাতিয়া মাদ্রাসা থেকে আব্দুল হাইকে আটক করা হয়।
