২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উত্তরখানে এক পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর উত্তরখানের বড়বাগে নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের লাইনে ত্রুটি থেকে অগ্নিকাণ্ডে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 06:24 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজন হলেন- আবদুল মালেক (৭০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) এবং নাতি মো. সাফয়ান হোসেন (৫)।

সাফায়ানের বাবা রাহুল হোসেন সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলিন্ডার থেকে নেওয়া গ্যাস লাইনে বেশ কিছুদিন আগে ত্রুটি দেখা দেয়। কাল (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে শ্বশুর ওই জায়গায় থাকা একটি বৈদ্যুতিক সুইচ অন করলে আগুন ধরে যায়।

“সে সময় দাদার পেছনে ছিল সাফয়ান এতে সেও দগ্ধ হয়। আর ঘটনা দেখে সাফয়ানের দাদী নেভাতে এগিয়ে এলে তিনিও দগ্ধ হন।”

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু সাফয়ানের দেহের ১৮ এবং আবদুল মালেকের ২০ শতাংশ পুড়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাজমা বেগমের ১০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।