২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় অভিযোগপত্র আমলে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 05:57 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক দুই আসামি এম আবদুস সামাদ আজাদ ও রবিউল আউয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আগামী ৩১ অগাস্ট পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার সংক্রান্ত  প্রতিবেদন দাখিলের দিনও ধার্য করা হয়েছে।

২০২২ সালের ১৮ মে দুর্নীতি দমন কমিশন- দুদকের পরিচালক ফরিদ উদ্দিন এই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলার বাকি পাঁচ আসামি হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি মো. তরিকুল ইসলাম মুমিন,  মো. ফরহাদ হোসেন ওরফে মোরশেদ আলম, ফাতেমা খাতুন, মো. নাজিম উদ্দিন, মো. রুবেল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে তিনজনের নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নথি পাঠানো হয়েছিল।

প্রস্তাবে ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এনামুল হক, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদের নাম ছিল।

নথি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পর তিনি অধ্যাপক ড. এম এনামুল হকের নামের পাশে টিক চিহ্ন দেন।

পরে চূড়ান্ত অনুমোদনের জন্য নথিটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমার কাছে এলে এম আবদুস সালাম আজাদ অনুমোদন পাননি বলে ফোনে তরিকুলকে জানিয়ে দেন।

মামলায় অভিযোগ করা হয়, তরিকুলের পরিকল্পনা অনুযায়ী নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কৌশলে বের করে ফরহাদ নামে একজনের হাতে তুলে দেন ফাতেমা।

এই নথি হস্তান্তরের আগে ফাতেমা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেন এবং হস্তান্তরের পর দ্বিতীয় দফায় আরও ১০ হাজার টাকা তার ছেলের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নেন।

এই ঘটনায় ২০২০ সালের ৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম  বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।

পরদিন ভোলা থেকে ছাত্রলীগ নেতা তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে নোয়াখালী থেকে ফরহাদ এবং রাজধানীর মোহাম্মদপুর থেকে নাজিমউদ্দিন নামে বিনিয়োগ বোর্ডের একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল সরকারি টিঅ্যান্ডটি কলোনির বাসা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাকেও গ্রেপ্তার করা হয়।

ওই বছরই ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা ও অপরাধের ধারা দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্তের জন্য দুদককে নির্দেশ দেয় আদালত।

তদন্ত শেষে দুদকের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনজনের নাম উল্লেখ করে সারসংক্ষেপ পাঠানো হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সারসংক্ষেপের প্যাকেট খুলে ‘টেম্পারিং’ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে সারসংক্ষেপের এক নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তির নামের পাশে প্রধানমন্ত্রীর টিক চিহ্নটি টেম্পারিং করেন।

তার নামের পাশে ক্রস চিহ্ন বসিয়ে দেন আসামিরা। দুই নম্বর ক্রমিকে থাকা ব্যক্তির নামের পাশেও ক্রস চিহ্ন বসিয়ে দেন।

এরপর সারসংক্ষেপের তিন নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তির নামের পাশে টিক চিহ্ন দেওয়া হয়। এভাবে তারা অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি জালিয়াতি করার অপরাধ করেছেন বলে দুদকের অভিযোগপত্রে বলা হয়।

জালিয়াতির ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমার ‘সম্পৃক্ততা’ বেরিয়ে আসে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: নর্থ সাউথের কোষাধ্যক্ষের চেয়ারে বসেছিলেন আজাদ  

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান শাহজাহানের জামিন  

‘২০ হাজার টাকায়’ প্রধানমন্ত্রীর নথি বের করে দেন অফিস সহকারী  

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় রিমান্ডে ছাত্রলীগ নেতা