বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
বুধবার বার কাউন্সিলের নতুন কমিটির প্রথম সভায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার পাশাপাশি এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয় বলে কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে পদাধিকার বলে থাকেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে বুধবারের সভায় তিনটি স্থায়ী কমিটি গঠন করা হয়।
এর মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অর্থ কমিটির নেতৃত্ব পেয়েছেন আইনজীবী রবিউল আলম বুদু। আর আইনজীবী আবদুল বাতেন লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হয়েছেন।
সভায় বার কাউন্সিল বিধি ৭৫(এ) অনুযায়ী আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে। তাতে ল রিফর্ম কমিটির চেয়ারম্যান হয়েছেন আইনজীবী একরামুল হক। আইনজীবী এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু পেয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির দায়িত্ব।
আইনজীবী আনিস উদ্দিন আহমেদ শহি হাউজ কমিটির, মো. জালাল উদ্দিন খান রিলিফ কমিটির, মো. আব্দুর রহমান রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির এবং মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন।
দেশের আইনজীবীদের এ তদারক সংস্থার নির্বাচন হয় গত মে মাসে। কাউন্সিলের ১৪টি সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) পায় ১০টি পদ। আর বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবার চারটি পদে নির্বাচিত হয়।
এবারের নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্ব দেন সৈয়দ রেজাউর রহমান। এই বীর মুক্তিযোদ্ধা দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বারের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
২১ অগাস্ট গ্রেনেড মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ রেজাউর রহমান।
