পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কার্যক্রমের পর্যালোচনা
সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মন্ত্রণালয়ে ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান সচিব।
মাসুদ বিন মোমেন বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতায় ও দক্ষতায় বিশ্বের কোন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিছিয়ে থাকার কারণ নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের জ্ঞান, প্রজ্ঞা, দেশপ্রেম, কর্মস্পৃহা ও ত্যাগই ভবিষ্যৎ বাংলাদেশের স্বরূপ নির্ধারণ করবে।”
দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “সেবা সহজীকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে মন্ত্রণালয় ও মিশনে ই-নথি/ডি-নথি চালুকরণ, জিআরপি চালুকরণ, অনলাইনভিত্তিক আর্কাইভ তৈরি এবং ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে নিউরাল নেটয়ার্ক তৈরির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে কাজ চলছে।”
বাংলাদেশের সব দূতাবাসের জন্য “ইউনিফাইড ওয়েবসাইট” উদ্বোধনের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, “ইউনিফাইড ওয়েবসাইট চালুর ফলে ৮১টি বাংলাদেশ মিশন ও মন্ত্রণালয়ের একই রকম আউটলুকের ওয়েবসাইটে সংশ্লিষ্ট মিশনগুলোর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাবে।”
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে ইনোভেশন ল্যাব স্থাপন, ট্রেড পোর্টাল তৈরি, দেশি উদ্যোক্তাদের জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে প্ল্যাটফর্ম তৈরি, তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা উল্লেখ করেন পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ, মহাপরিচালক (সাধারণ সেবা) মোহাম্মদ হজরত আলী খান উপস্থিত ছিলেন।
