এইডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের সুফল পাওয়া যাচ্ছে: মেয়র তাপস
এইডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে দিনব্যাপী কার্যক্রমের সুফল পাওয়ার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার নিউ মার্কেট ও গাউছিয়া ফুটব্রিজ পরিদর্শন শেষে তিনি বলেন, “এইডিস মশার প্রজনন এবং বিস্তারের এটা ভরা মৌসুম। এজন্য অগ্রিমভাবে আমরা নিয়ন্ত্রণ কক্ষ খুলেছি এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমরা সরেজমিন সরাসরি এটাকে তদারকি করছি।”
তিনি বলেন, “যে জায়গায় আমরা তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে) পাচ্ছি, (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি, সেই সকল জায়গায় গিয়ে আমরা প্রথমে উৎসস্থলগুলো ধ্বংস করছি। সেখানে সকালে লার্ভিসাইডিং করছি এবং বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে আমরা ফগিং করে দিচ্ছি, যাতে করে আমরা এইডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।”
গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চাইতেও কম জানিয়ে তাপস বলেন, “আপনারা জেনে খুশি হবেন যে, গত বছরের এই সময় যেই (যত) সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছিল, এবার তার অর্ধেকেরও নিচে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।
“সুতরাং এইডিস মশা নিয়ন্ত্রণে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী যে কার্যক্রম, আমরা সে কার্যক্রমের সুফল পাওয়া আরম্ভ করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।”
এরআগে শেখ হাসিনা বার্ন ইউনিট সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তি স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ৎ পরিদর্শন করেন মেয়র শেখ তাপস।
যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ৎ পরিদর্শনের সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
