২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকার ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2022, 01:05 AM

Updated : 02 Aug 2022, 11:55 AM

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক কাজী ওয়াজেদ আলী অভিযোগপত্রটি জমা দেন।

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ২১ জুলাই শুনানির তারিখ ঠিক করেছেন বলে রোববার জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার ভক্ত।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মদ সামশুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, ইজ্জত উল্যাহ, মো. মোবারক হোসেন, সুরা সদস্য মো. ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেলের গাড়িচালক মো. মনিরুল ইসলাম, সমর্থক মো. আবুল কালাম আজাদ।

এজাহারভুক্ত আসামি মো. ইমাম হোসেন ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তাদের কাছে থেকে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন প্রকার লিফলেটসহ নানা কিছু উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে।

পরে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই হাসান মাসুদ।