সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি রতন সিদ্দিকীর
সম্প্রতি ঢাকায় নিজের বাড়ির সামনে আক্রান্ত হওয়া গবেষক-সংস্কৃতিকর্মী অধ্যাপক রতন সিদ্দিকী সংখ্যালঘু নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তুলেছেন।
নড়াইলে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকালে ঢাকার শাহবাগে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানার আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি তোলেন।
রতন সিদ্দিকী বলেন, “আজকে অনেকে হিন্দু সুরক্ষা আইন তৈরি করতে বলছেন। আমি বলছি হিন্দু সুরক্ষা আইন নয়, সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরি করা হোক।
“আমার জন্ম মুসলিম পরিবারে, কিন্তু আমি সংখ্যালঘু। যেদিন আমার বাড়িতে হামলা হয়েছে, সেদিন মৌলভীরা বলেছে আমি নাস্তিক, আমি ধর্ম অবমাননা করি। অর্থাৎ আমি যে বিশ্বাসে বিশ্বাস করি, যে চিন্তা-চেতনা লালন করি, সেটিও আজকে সংখ্যালঘুতে পরিণত হয়েছে।”
যে পথে এগোবে বলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৫০ বছর পর এখন বিপরীত দিকেই যাত্রা দেখতে পাচ্ছেন এই সংস্কৃতিকর্মী।
তিনি বলেন, “নড়াইলে যা ঘটেছে, একাত্তর থেকে তার কোনো ব্যতিক্রম নেই৷ স্বপন সাহা, শ্যামল চন্দ্র, হৃদয় মণ্ডলের উপর যা ঘটেছে, তা থেকে একাত্তরকে বিচ্ছিন্ন করা যায় না।
“মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করার পাশাপাশি আমরা এখন সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতারও সুবর্ণজয়ন্তী পালন করছি।”
সমাবেশে সমাজকর্মী খুশি কবির বলেন, “সাম্প্রদায়িকতা যে উস্কিয়ে দেওয়া হয় এবং সংখ্যালঘু গোষ্ঠীর উপর যে ধরনের হামলা করা হয়, সেটি কিন্তু আপনাআপনি হয় না। এটা করার জন্য কেউ উস্কানি দেয়, মদদ দেয় এবং হামলা করার জন্য একটা অবস্থা সৃষ্টি করে দেয়। আবার হামলাগুলোতে সবসময় একই কাহিনি দেখা যায়। ফেইসবুকে ভুয়া স্ট্যাটাস ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক জোবাইদা নাসরীন কনা বলেন, “শুধু একজনের নাম মুসলিম বলে যে রেহাই পাবে, সেটিও কিন্তু ভাবা যাবে না। কারণ সাম্প্রদায়িকতা এমনভাবে ছড়িয়েছে যে শুধু যারা অমুসলিম, তারা আক্রান্ত হচ্ছেন এমন না, যারা এই বাংলাদেশে মানবিকতার জন্য লড়াই করছেন, অসাম্প্রদায়িক রাজনীতির লড়াই করছেন, তাদের সকলেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”
নড়াইলের হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদ জানিয়ে সমাবেশে ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দিপা মল্লিক বলেন, “সাম্প্রদায়িক হামলার পর ইসলামিক দলগুলো চুপ করে আছে, তার মানে এর দায় তাদের উপরই বর্তায়।
“হামলার সময় রাষ্ট্রীয় বাহিনী কোনো দায়িত্বপালন করেনি, তার মানে রাষ্ট্রীয় মদদে হামলা হয়েছে। বাংলাদেশ সংবিধানে ধর্মীয় অনুভূতির কোনো সংজ্ঞা নেই, তাহলে কিসের ভিত্তিতে অনুভূতিতে আঘাত হানার নামে মামলা হচ্ছে? ফেইসবুকে কোনো ধর্মীয় অনুভুতি, রাষ্ট্রীয় অনুভূতির দোহাই দিয়ে কারও উপর হামলা চালানো যাবে না। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে। সকল মানুষের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের উপস্থিতিতে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, একজন অধ্যক্ষকে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু তারা (প্রশাসন) কোনো ভূমিকা পালন করছে না। তারা হামলাকারীদের মদদ দিচ্ছে, এটা খুব স্পষ্ট।
“যদি সাম্প্রদায়িক একটা বিভাজন সৃষ্টি হয়, তাহলে শাসকদের সুবিধা। দেশের বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশ্ন রুখতে এই সাম্প্রদায়িকতাকে সামনে আনা হয়েছে।”
