মাধ্যমিকের শিক্ষা-দক্ষতায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ
তরুণদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা-দক্ষতায় দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে থাকলেও ডিজিটাল দক্ষতায় এ অবস্থান চতুর্থ।
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে দ্য এডুকেশন কমিশন, জেনারেশন আনলিমিটেড, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ডেটা ল্যাবের সমন্বিত উদ্যোগ ‘ওয়ার্ল্ড স্কিলস ক্লক’ সূচকে এমন চিত্র উঠে এসেছে।
৯২টি দেশের তরুণদের দক্ষতার উপর তৈরি করা এই সূচকে দেখা যায়, বিশ্বের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের প্রতি চারজনের মধ্যে তিনজনেরই চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা নেই।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা-দক্ষতা ও ডিজিটাল দক্ষতার এ সূচকে মাধ্যমিক পর্যায়ের দক্ষতায় বাংলাদেশের তরুণরা বিশ্বের অগ্রসর দেশগুলোর মধ্যে জায়গা করে নিলেও ডিজিটাল দক্ষতায় অবস্থান ঠিক বিপরীত।
এই সূচকে অক্ষরজ্ঞান সম্পন্ন হওয়া এবং গণিত বুঝতে পারাকে মাধ্যমিক পর্যায়ের দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের তথ্য দেওয়া হয়নি। বাকি ৭ দেশের মধ্যে বাংলাদেশের ৫৭ দশমিক ৮ শতাংশ তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা-দক্ষতা নেই, অর্থাৎ ৪২ দশমিক ২ শতাংশের তা রয়েছে।
এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। দেশটির ৯৩ দশমিক ৩ শতাংশ তরুণেরই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা-দক্ষতায় ঘাটতি রয়েছে।
এছাড়া ভুটানের ৮৯ শতাংশ, পাকিস্তানের ৮৪ দশমিক ৫ শতাংশ, নেপালের ৮১ দশমিক ৭ শতাংশ, ভারতের ৭৩ শতাংশ ও শ্রীলঙ্কার ৬১ দশমিক ৫ শতাংশ তরুণের মাধ্যমিক পর্যায়ের দক্ষতা নেই।
ডিজিটাল দক্ষতার ক্ষেত্রেও সবার চেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান, দেশটির ৯৯ শতাংশ তরুণেরই প্রযুক্তি ব্যবহারের ন্যূনতম দক্ষতা নেই।
ডিজিটাল সূচকে কম্পিউটারে ফাইল, ফোল্ডার কপি করা বা সরানো; কপি, পেস্ট টুল ব্যবহার করা; ফাইল যুক্ত করে ইমেইল করা; কম্পিউটারের সঙ্গে অন্য ডিভাইসের ফাইল বিনিময়ের মতো সহজ কিছু কাজকে বিবেচনা করা হয়েছে।
প্রযুক্তি সম্পর্কে তরুণদের জানাশোনা এবং সেসবের ব্যবহারিক জ্ঞানের এই মানদণ্ডে দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে ভুটান।
ভুটানের ৬৮ দশমিক ৫ শতাংশ তরুণের ডিজিটাল দক্ষতা নেই। সেই হিসাবে দেশটির ৩১ দশমিক ৫ শতাংশ তরুণের ডিজিটাল দক্ষতা রয়েছে।
এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের ৮৪ দশমিক ৯ শতাংশ তরুণেরই এই দক্ষতা নেই, অর্থাৎ ১৫ দশমিক ১ শতাংশের কাঙ্ক্ষিত মাত্রায় প্রযুক্তির দক্ষতা রয়েছে।
এছাড়া পাকিস্তানের ৯০ দশমিক ২ শতাংশ, নেপালের ৮৭ দশমিক ৪ শতাংশ, ভারতের ৭৩ দশমিক ১ শতাংশ ও শ্রীলঙ্কার ৭০ দশমিক ৬ শতাংশ তরুণের ডিজিটাল দক্ষতা নেই।
সূচকে নিম্ন আয়ের দেশগুলোর তরুণদের দক্ষতায় ঘাটতি সবচেয়ে বেশি, এসব দেশে দক্ষ জনশক্তির সংকটও বেশি।
এই সূচকের উপর ভিত্তি করে ইউনিসেফের ‘রিকভারিং লার্নিং: আর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ অন ট্র্যাক ইন স্কিলস ডেভেলপমেন্ট?’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বের ৭৫ শতাংশ তরুণের অদক্ষতার জন্য শিক্ষা ব্যবস্থার ব্যর্থতাকে দায়ী করা হয়।
বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকট ঠেকাতে জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়ে ইউনিসেফের শিক্ষা বিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেছেন, “শিশু ও তরুণদের বড় অংশ অদক্ষ, এটি বিশ্বকে অনুৎপাদনশীলতার দিকে নিয়ে যাবে।”
