নারায়ণগঞ্জে র্যাবের হাতে ‘ভুয়া’ ট্রাফিক পুলিশ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়ে ‘চেক’ করার নামে চালকদের ভয়ভীতি দেখিয়ে ‘চাঁদা আদায়’ করে আসা এক ‘ভুয়া ট্রাফিক পুলিশকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. রুবেল আহমেদ (৩৬) নিজেকে ট্রাফিক পরিদর্শক (টিআই) হিসেবে পরিচয় দিতেন। রূপগঞ্জের ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, গ্রেপ্তার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘অপরাধ’ স্বীকার করেছেন।
“রূপগঞ্জ পূর্বাচল ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকা দিয়ে যেসব গাড়ি চলত, সেগুলোকে থামিয়ে সে বলত সে ট্রাফিক পুলিশের টিআই বা সার্জেন্ট। তারপর গাড়ির কাগজপত্র চেক করার নামে নানা ধরনের ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা তুলত।“
গ্রেপ্তারের সময় রুবেলের কাছ থেকে একটি পুলিশের মনোগ্রাম দেওয়া একটি নেভি ব্লু ক্যাপ, একটি লেজার লাইট, একটি মোটরসাইকেল, একটি ভিসা কার্ড, একটি লোহার রড, তিনটি মোবাইল ফোন এবং ২০ হাজার ১৪০ টাকা উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
